২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল পর্যায় থেকেই দরকার ট্রাফিক আইনের ধারণা: স্পিকার

সড়ক নিরাপদ রাখতে সংসদ সদস্যদের প্রচারণায় নামার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 05:22 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার জন্য প্রত্যেক মানুষের জ্ঞান থাকা দরকার জানিয়ে তিনি বলেন, “একবারে স্কুল পর্যায় থেকে শিশুদের মধ্যে ট্রাফিক বিষয়ে ধারণা দেওয়া দরকার।”

শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের সমাবেশে বক্তব্য রাখেন স্পিকার।

তিনি বলেন, “নিরাপদ সড়কের ক্ষেত্রে আমরা যেমন জনসচেতনতার কথা বারবার বলি, সেখানে আমার কাছে মানে হয়, আমাদের একবারে স্কুল পর‌্যায়ে, বিদ্যালয় পর‌্যায় থেকে শিশুদের মধ্যে ট্রাফিকের বিষয় ধারণা দেওয়া দরকার।”

“ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব এবং কিভাবে পথ পারাপার হবে সেই বিষয় থেকে শুরু করে, এর যে একটা ব্যাপক গুরুত্ব রয়েছে, সেই বিষয়গুলো পাঠ্যপুস্তক এবং স্কুলে ক্যাম্পিংয়ের মাধ্যমে নিতে হবে।”

সড়ক দুর্ঘটনা কমাতে সংসদের সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিরী শারমিন বলেন, “আমি আহ্বান জানাতে চাই, মাননীয় সংসদ সদস্যগণ তাদের নিজস্ব এলাকায় বক্তব্য এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিতকরনের বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করে ব্যাপক প্রচারণা এবং কার্যক্রম গ্রহণ করবেন। ”

চালক ও পথচারিদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা অনেক সময় খুব দ্রুত যেতে চাই। এই দ্রুত যাওয়ার যে প্রবণতা , দ্রুত যেতে গিয়ে আমরা আনকে আইন লঙ্ঘন করি, আইন মানি না।

“কিন্তু সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি। দ্রুত যাওয়ার প্রবণতায় আমরা যেন আইটাকে লঙ্ঘণ না করি এবং নিরাপদ সড়কের অন্তরায় যেন তৈরি না করি।”

সংসদে এ ধরনের আইন বিল আকারে যদি আসে তা পাস করার ব্যপারে সর্বাত্মক চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন স্পিকার।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যন ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।