২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত‌্যাযজ্ঞের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জাপানি গল্পকারের

গুলশানে নিহত জাপানিদের লাশ টোকিও বিমানবন্দরে দেখার পরেও বাংলাদেশে তাদের এই পরিণতি বিশ্বাস করতে পারছিলেন না সেদেশেরই লেখক নাওমি ভাতানাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 07:43 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

“প্রাণপ্রিয় আর ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ এতটা বদলে গেল কী করে? যে বন্ধুটিকে আমি এত ভালোবাসতাম সে তো অন্যরকম হয়ে যেতে পারে না,” এই কথাই সে সময় মনে আসছিল বলে জানালেন তিনি।

ভাতানাবের ভাষ‌্য, গুলশান হত‌্যাকাণ্ডের জের ধরে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করা জাপানি কর্তৃপক্ষের ‘মন গলিয়ে’ বাংলাদেশ প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এই সম্মেলনের এক অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলে ধরার পাশাপাশি ‘চেনা’ এই দেশে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ দমনে লেখকদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।  

জাপানের প্রগতি লেখক সংঘের সম্পাদক নাওমি ভাতানাবে জানান, মুক্তিযুদ্ধ ও লালন নিয়ে গবেষণা করতে এসে তার বাংলাদেশের মানুষের সঙ্গে গড়ে ওঠা সখ্য ভীষণ গভীর।

“বাংলাদেশ আমার দ্বিতীয় মাতৃভূমি।”

এই জাপানি লেখক বলেন, “এদেশের সঙ্গে আমার ২২ বছরের সম্পর্ক। টিভিতে দেখছিলাম হত্যাকাণ্ডের (গুলশান) খবর। টোকিও বিমানবন্দরে সারিবদ্ধ করে রাখা হল তাদের লাশ। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না।”

ওই হত্যাকাণ্ডের পর সরকারের আন্তরিকতা, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রশংসাও করেন এই লেখক।

শান্তি, মৈত্রী প্রতিষ্ঠায় লেখকদের আশু করণীয় নিয়ে তিনি বলেন, “প্রত্যেকের মানুষের জীবন জটিল, অসঙ্গতিপূর্ণ, প্রতিনিয়ত পরিবর্তনশীল। লেখকদের প্রধান অস্ত্র তার কলম। সেই কলমের জোরেই সে জটিলতাকে সরলীকরণ করতে হবে। বলতে হবে সাধারণ মানুষের কথা।”

নাওমি ভাতানাবে বলছিলেন শুদ্ধ বাংলায়। বাংলা শেখার গল্পও শোনালেন তিনি।

“এদেশে কাজ করতে এসে রিকশাওয়ালা, দোকানদার, অফিসের পিয়ন, কাজের বুয়া- এদের কাছ থেকে আমি বাংলা শিখেছি। ধীরে ধীরে তা রপ্ত করেছি। অধ্যাপক রতন সিদ্দিকীর সহায়তায় বাংলা লেখালেখির চর্চাও চলছিল পুরোদমে। বাংলাদেশ থেকে পাওয়া এ আমার অনন্য এক উপহার।”

বাংলাদেশের মানুষের জীবনসংগ্রামকে ‘অত্যন্ত শক্তিশালী’ হিসেবে দেখেন নাওমি।

“এরপরে বাংলাদেশ ও জাপানের খেটে খাওয়া মানুষদের নিয়ে লিখব। সহিংসতার বিরুদ্ধে কলম চলবে অবিরত।”

সব ধরনের অন‌্যায়, নিপীড়ন আর হত‌্যাকাণ্ডের বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধর্ম-রাজনীতি-জাতিগত নানা সহিংসতায় বেঘোরে মরছে সাধারণ মানুষ, মরছে নারী-শিশু। হত্যাযজ্ঞের বিপরীতে দাঁড়িয়ে শিল্পী-সাহিত্যিকদের কলম হবে শক্ত হাতিয়ার।”

বাংলাদেশ লেখক সংঘের সভাপতি গোলাম কিবরিয়া পিনুর সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে আসেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক সফিউদ্দিন আহমদ, বাম রাজনীতিক হায়দার আকবর খান রণো, অধ্যাপক বদিউর রহমান, ভারতের সিপিআইএম নেতা সুনিত কান্তা পালধি, মিশরের লেখক ঈসমাইল আবকাস।

সকালের এই অনুষ্ঠানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই সম্মেলনের উদ্বোধন করেন কামাল লোহানী। পরে একটি র‌্যালি বের হয়ে তা শাহবাগ প্রজন্ম চত্বর ঘুরে আরসি মজুমদার হলে এসে শেষ হয়।

উদ্বোধক কামাল লোহানী বলেন, “মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের সাহিত্য যত ঋদ্ধ হওয়ার কথা ছিল, ততটা হয়নি। ষাটের দশকে আমরা যেসব কবিতা, নাটক, গল্প, গান পেয়েছিলাম তার কিছুই এখন আর পাচ্ছি না। কিন্তু এসব কিছুর পরেও বাংলাদেশ প্রগতি লেখক সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য কিন্তু পরিবর্তন হয়নি।”

প্রগতির নামে ‘অতি উগ্রতা’ পরিহারের আহ্বান জানিয়ে হায়দার আকবর খান রণো বলেন, “এয়ার কন্ডিশনড ঘরে বসে সাহিত্যচর্চা করলে চলবে না। স্লোগান দিয়েও সাহিত্যচর্চা করা যাবে না। একে নিয়ে যেতে হবে সাধারণ মানুষের কাছে।”

২০০৮ সালে বাংলাদেশ লেখক সংঘ নতুনভাবে যাত্রা শুরু করে।২০১৪ সালের ৮ অগাস্ট হয় সংঘের প্রথম জাতীয় সম্মেলন।

২৫টি জেলায় পূর্ণাঙ্গ ও ৯টি জেলায় আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে প্রগতি লেখক সংঘ।