২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আদিবাসী সাংস্কৃতিক উৎসব শুরু

‘বৈচিত্র্য-বহুত্বের ঐকতানে, এসো মিলি সর্বপ্রাণে’ শিরোনামে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2017, 06:42 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

শুক্রবার সকালে চারুকলা অনুষদের বকুলতলায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বকুলতলা প্রাঙ্গনে আদিবাসী বিভিন্ন গোষ্ঠী তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে মেতে উঠে।

চারুকলার বকুলতার কাছাকাছি যেতেই শোনা যায় ঢোলের শব্দ। আর ভেতরে যেতে না যেতেই দেখা যায় একদল মুরং বাঁশি বাজাচ্ছেন। তার একটু সামনে এগিয়ে দেখা গেল মাতৃভাষায় গান গাইতে গাইতে নেচে চলেছেন সাঁওতালি তরুণ-তরুণীরা।

তুংগা, ঘণ্টি, প্লাঙ্গ, টিং টিং পুংচা এমনি সব অপিরিচিত বাদ্যযন্ত্র থেকে ভেসে আসছে অপরিচিত সব সুর। নগরের বুকে ছিল এক অন্যরকম দ্যোতনা।

পরে উদ্বোধনীতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও অনুষ্ঠানের উদ্বোধক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “আদিবাসীদের উপেক্ষা করে সার্বিক উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের আচরণ এমন হওয়া উচিত নয়, যাতে তাদের মূলধারার থেকে পৃথক কিছু মনে হয়।

“তাদের ভাষা ও সংস্কৃতির বিকাশ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। আমার ও আমাদের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা ও অঙ্গীকার প্রত্যন্ত অঞ্চলের আদিবাসীদের ক্ষোভ, বঞ্চনা, দুঃখ নিরসন করা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।”

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, “আদিবাসীদের নিয়ে এটি একটি বলিষ্ঠ এবং সুদূরপ্রসারী উদ্যোগ। কিন্তু আদিবাসীদের সংস্কৃতির বাস্তবতা কী- তা গভীরে গিয়ে অনুভব করতে হবে।”

বাংলাদেশের পাহাড়ে ও সমতলে ৫৪টি আদিবাসীদের সংস্কৃতি বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে গেছে বলে মন্তব্য করেন সন্তু লারমা নামে পরিচিত পার্বত্য চট্টগ্রামের এই রাজনীতিক।

“সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক নানা ক্ষেত্রেই তারা শোষিত। এটি নির্মম বাস্তবতা। একমাত্র গণমুখী শাসন ব্যবস্থাই পারে এই সমস্যার সমাধান করতে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আসাদুল ইসলাম, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আফজাল হোসেন। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডি।

উৎসবের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকাল ৩টায়। তাতে ছিল আলোচনা পর্ব। প্রবন্ধ পাঠ করেন পাভেল পার্থ। সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা।

বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে সাঁওতালী নাচ পরিবেশেন করে দিনাজপুরের সার্জম বাহা সাংস্কৃতিক দলের শিল্পীরা, গ্রিকা পরিবেশন করে গারো কালচারাল একাডেমি, বাংলা ঢোল পরিবেশন করে নৃপেন্দ্র ব্যান্ড পার্টি, জুম নাচ পরিবেশন করে গারো কালচারাল একাডেমি, ঐতিহ্যবাহী ডোম নাচ পরিবেশন করে দিনাজপুরের সাঁওতালী ডোম নাচের দলের শিল্পীরা।

সঙ্গীত পরিবেশন করেন বীরহারা, সজীব, রেরে এবং সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের শিল্পীরা।

উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে আদিবাসী ও বাঙালি চিত্রশিল্পীদের সমন্বয়ে চিত্রাঙ্কন, আদিবাসী-বাঙালি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাপনী অধিবেশন।

শনিবার বিকাল ৩টায় এই সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।