২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় ঢুকতে তল্লাশিতে পড়বেন মন্ত্রীও

এবার একুশে বইমেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মেলায় ঢুকতে সবাইকে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে যেতে হবে, যার আওতায় তিনিও থাকবেন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 10:16 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন খুলবে মাসব্যাপী গ্রন্থমেলার দ্বার। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভার আলোচনায় নিরাপত্তার বিষয়টিই মুখ্য হয়ে উঠে বলে উপস্থিতরা জানান।

সভা শেষে আসাদুজ্জামান নূর সাংবাদিকদের বলেন, “মেলাকে সুশৃঙ্খল এবং নিরাপদ রাখতে যা যা করণীয়, তার সবই আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলে করা হবে।

“মেলায় আগত প্রত্যেককে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে যেতে হবে, এমনকি আমাকেও এই তল্লাশির ভেতর দিয়ে যেতে হবে।”

মেলার নিরাপত্তা রক্ষায় সবার প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

দুই বছর আগে বইমেলা উপলক্ষে ঢাকায় এসে খুন হয়েছিলেন মুক্তমনা লেখক-ব্লগার অভিজিৎ রায়। মেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্ত্রীসহ তার উপর হামলা হয়।

অভিজিতের পর একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয় আরও কয়েকজন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রকাশককে; এসব হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে।

এবার মেলায় বইয়ের মোড়ক উন্মোচন থাকছে না নজরুল মঞ্চে। সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিশেষ মঞ্চে’ হবে এই অনুষ্ঠান।

এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে আসাদুজ্জামান নূর বলেন, “মেলার মূল মঞ্চটি নজরুল মঞ্চের ঠিক পাশে। সেখানে সাহিত্য সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নানা আয়োজন থাকছে। নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি তাই ঠিক মনমতো হয় না। তাই এবার সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইয়ের মোড়ক উন্মোচন।”

মেলার নিরাপত্তায় পাঁচটি ওয়াচ টাওয়ার করবে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে সাদা পোশাকে।

ওয়াচ টাওয়ার থেকে মেলা প্রাঙ্গন ‘ভালোভাবে’ পর্যবেক্ষণের জন্য বাড়ানো হচ্ছে আলোক সজ্জা।

মেলার নিরাপত্তায় দোয়েল চত্বর থেকে শুরু করে শামসুন্নাহার হল পর্যন্ত রাস্তায় থাকছে ২৫০টি ক্লোজ সার্কিট ক্যামেরা।

বাংলা একাডেমিতে, শাহবাগ থানায় ও সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত তিনটি কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরা মনিটর করার জন্য থাকছে ১৭টি ইউনিট। ডিএমপির কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা মনিটর করা হবে মেলাপ্রাঙ্গন।

মেলায় থাকছে ২২টি আর্চওয়ে। ভ্যালেন্টাইনস ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিশেষ দিনগুলোতে যোগ হবে দুটি স্পেশাল আর্চওয়ে।

মেলা উপলক্ষে আসা বিদেশি অতিথিরা চাইলে প্রত্যেককে একজন করে নিরাপত্তাকর্মী দেওয়া হবে বলে মেলা আয়োজকরা জানান। 

প্রতিটি প্রকাশনীর বিক্রয়কর্মীদের বাংলা একাডেমির পক্ষ থেকে আইডি কার্ড দেওয়া হয়েছে, সেগুলো ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক।

সভায় উপস্থিত পুলিশের বিশেষ শাখার প্রতিনিধি জানান, প্রকাশনা সংস্থা থেকে তারা প্রতিটি বিক্রয়কর্মীর তথ্য সংগ্রহ করবেন। বিক্রয়কর্মী পরিবর্তন হলে তা মেলা পরিচালনা কমিটিকে জানাতে হবে।

সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির লাগোয়া অংশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাড়তি নজর রাখা হবে বলে জানান ডিএমপি প্রতিনিধি।

এবার মেলায় পয়োনিষ্কাশন ব্যবস্থা ‘আগের চেয়েও ভালো’ হবে বলে দাবি করেন সংস্কৃতিমন্ত্রী। মুক্তমঞ্চের পাশে স্থাপিত টয়লেটগুলো ব্যবহার উপযোগী রাখতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, মেলা পরিচালনা কমিটির সদস্য রামেন্দু মজুমদার, সদস্য সচিব জালাল আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম ছিলেন।

মাজহারুল ইসলাম বলেন, “বিগত সময়ের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মানুষ আতঙ্কিত। সে অবস্থায় মেলায় নিরাপত্তা সন্তোষজনক থাকলে মানুষের আস্থা ফিরে আসবে। মানুষ স্বচ্ছন্দ্যে মেলায় আসবে, ঘুরবে ও বই কিনবে।”

দুই মন্ত্রীর মেলাপ্রাঙ্গন পরিদর্শন

বইমেলায় স্টল বরাদ্দে গত ২৩ জানুয়ারি ডিজিটালি লটারি অনুষ্ঠিত হয়। সে অনুযয়ী এরইমধ্যে প্রকাশকদের স্টল বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেক প্রকাশক  স্টল সজ্জার কাজও শুরু করেছেন।

অমর একুশে গ্রন্থমেলার প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার মেলা প্রাঙ্গন পরিদর্শনে আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

মোশাররফ হোসেন বলেন, “মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত আমরা খুশি। সামনে যে কোনো ধরনের প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি।”

আসাদুজ্জামান নূর বলেন, “আমি এটুকু বলতে পারি এবার মেলা বেশ গোছানো হবে। সোহরাওয়ার্দী উদ্যানের অংশেও খাবারের দোকানের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি নান্দনিক দিক থেকেও এবারের মেলাটি ভিন্ন রকম হবে।”

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা দুই মন্ত্রীর কাছে মেলার সময় বাড়ানোর দাবি তোলেন।

জবাবে সংস্কৃতিমন্ত্রী বলেন, “আগের সিদ্ধান্তেই মেলা চলবে। বেলা ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবার নেই।”