বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি নিয়ন্ত্রণে আইন সংশোধন হচ্ছে
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ফি আদায় সংক্রান্ত যাবতীয় কাজের সমীক্ষা হওয়া দরকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন এ লক্ষ্যে আইন সংশোধনের কাজ চলছে।
বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তার অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের উত্তর দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
মন্ত্রী বলেন, “আইন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য দেশের আর্থ-সামাজিক অবস্থায় মানদণ্ডে সামাঞ্জস্যপূর্ণ ফি কাঠামো প্রস্তুত করার কথা বলা হয়েছে। তবে এটা সত্য যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যার যার মতো করে বিভিন্ন খাতে অর্থ আদায় করছে। যা ধনী-গরীব নির্বিশেষে সকলের জন্য উচ্চ শিক্ষা নিশ্চিতকরণের পথে অন্যতম অন্তরায়।
“বিষয়টি আমরা অনুভব করলেও বিদ্যমান আইনে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অর্থ আদায় সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের একটি সমীক্ষা হওয়া দরকার। গুরুত্ব বিবেচনা করে আমরা এ বিষয়ে মতবিনিময়ও করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর কতিপয় ধারা সংশোধনের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক একটি সাব কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ পর্যায়ে আলোচ্য বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”
আরেকটি প্রশ্নের জবাবে প্রাথমিক স্তরের বইয়ের ওজন প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, “প্রাক-প্রাথমিক স্তরের ২টি বইয়ের ওজন ৫১২ গ্রাম, প্রথম শ্রেণির ৩টি বইয়ের ওজন ৫২৫ গ্রাম, দ্বিতীয় শ্রেণির ৩টি বইয়ের ওজন ৫২৫ গ্রাম, তৃতীয় শ্রেণির ৬টি বইয়ের ওজন ১ কেজি ১৫৬ গ্রাম, চতুর্থ শ্রেণির ৬টি বইয়ের ওজন ১ কেজি ৩৫০ গ্রাম এবং পঞ্চম শ্রেণির ৬টি বইয়ের ওজন ১ কেজি ৫০৪ গ্রাম।”
পাঠ্যবইয়ের সংখ্যা কমানোর প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বাড়ানো বা কমানোর বিষয়টি পাঠ্যক্রম পরিবর্তন পরিমার্জন সম্পর্কিত। পাঠ্যক্রম সংশোধনের বিষয়টি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে প্রক্রিয়াধীন রয়েছে। বই বাড়ানো/কমানো বিষয়ে এনসিটিবি ও উর্ধ্বতন কর্তৃপক্ষই সিদ্ধান্ত গ্রহণ করবে।
অপর এক প্রশ্নে মন্ত্রী বলেন, “পাঠ্যপুস্তকে ভুলভ্রান্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইতোমধ্যে এনসিটিবির কয়েকজনকে শাস্তিও দেওয়া হয়েছে। গঠিত তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক ভুলের জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।”
বর্তমানে সারা দেশে সাত হাজার ৪২০টি এমপিওবিহিন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।
এক প্রশ্নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদকে জানান, রাজধানীতে অননুমোদিত আবাসিক প্রকল্পের বাস্তবায়ন বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
গণপূর্ত মন্ত্রী জানান, বেসরকারি আবাসিক প্রকল্প গ্রহণের আগে রাজউক থেকে অনুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক। প্রকল্প অনুমোদনের আগে প্লট ক্রয়-বিক্রয়সহ প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া আইনত নিষিদ্ধ।
আরেকটি প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পে আবাসিক প্লটের সংখ্যা ২৫ হাজার ১৬টি। এর মধ্যে প্রায় ১১ হাজার ৫০০টি প্লট বরাদ্দ গ্রহিতার অনুকূলে দখল হস্তান্তর করা হয়েছে।
এ প্রকল্পে বসবাসারীদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মন্দির, প্যাগোডা, খেলার মাঠ, লেক, স্টেডিয়াম, কনফারেন্স সেন্টার, গলফ ক্লাব, ফাইভ স্টার হোটেল, বাস টার্মিনাল, হাসপাতাল, কাঁচাবাজার, ইকো পার্ক, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ইত্যাদিসহ আনুষঙ্গিক সকল সুবিধাদি রেখে ভূমি ব্যবহার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।
এক প্রশ্নে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, “বাংলাদেশে বেদে, হিজড়া ও হরিজন সম্প্রদায়ের পরিসংখ্যানগত কোনো জরিপ হয়নি। তবে সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের তথ্য অনুযায়ী ৭৫ হাজার ৭০২ জন বেদে, ১০ হাজার ১৩৯ জন হিজড়া এবং দুই লাখ ৬৪ হাজার ৬১৬ জন হরিজন রয়েছে। আর প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৭১৬ জন।”
ঢাকা শহরে হিজড়াদের উপদ্রব বিষয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “সাম্প্তিক কালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বাস স্টেশনে, বাসের ভেতরে কতিপয় হিজড়া কর্তৃক সৃষ্ট এসব চাঁদাবাজি দমনে সরকারের দৃষ্টি রয়েছে।
“সংশ্লিষ্ট এলাকার হিজড়াদের গুরুমাতাগণের সমন্বয়ে এসব সমস্যা বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া এসব সামাজিক অনাচার বা গণউপদ্রব দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে।”
