২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে হামলা সরকারের নৈতিক পরাজয়: আনু মুহাম্মদ

রামপাল বিদ‌্যুৎকেন্দ্রবিরোধী হরতাল রাজধানীর জনজীবনে তেমন প্রভাব না ফেললেও শাহবাগে পিকেটারদের উপর পুলিশের কাঁদুনে গ‌্যাস নিক্ষেপকে সরকারের ‘নৈতিক পরাজয়’ হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2017, 06:24 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

পুরনো খবর:

হরতাল: রামপালবিরোধীদের মিছিলে টিয়ার শেল, রাবার বুলেট
হরতালে মারমুখী পুলিশ সাংবাদিকও পেটাল

বৃহস্পতিবার রাজধানীতে আধাবেলা হরতালের শেষ পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে কর্মসূচি আহ্বানকারী তেল-গ‌্যাস খনিজ সম্পদ ও বিদ‌্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস‌্য সচিব আনু মুহাম্মদ এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “আমরা কোথাও কোনো পটকা মারি নাই, গাড়ি ভাংচুর করি নাই, এটা আমাদের নীতিগত অবস্থান। ভীতি সৃষ্টি করার দরকার আমাদের নাই; কারণ কিছু সংখ্যক লুটেরা ও দখলদার গোষ্ঠী ছাড়া বাকি সব মানুষের সমর্থন এ আন্দোলনে আছে।

“আজকে শান্তিপূর্ণ কর্মসূচির উপরে যে ন্যক্কারজনক হামলা সরকার করেছে, তার মধ্য দিয়ে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। আমরা সেই নৈতিক পরাজয়ের প্রতি ধিক্কার জানাই।”

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ‌্যুৎকেন্দ্রের বিরোধিতা করে ধারাবাহিক কর্মসূচির পর হরতাল ডাকে নাগরিক এই কমিটি।

হরতালের সমর্থনে কয়েকটি স্থানে রাজপথে মিছিল ছিল আন্দোলনকারীদের। হরতাল সমর্থন করে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া বাম ছাত্রকর্মীরা ঢাকা বিশ্ববিদ‌্যালয় থেকে সকালে মিছিল নিয়ে বের হতে গেলে শাহবাগের আগে পুলিশ আটকে দেয়।

সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশ কাঁদুনে গ‌্যাস ও রবার বুলেট ছোড়ার পাশাপাশি কয়েকজনকে লাঠিপেটাও করে।

Image
প্রেস ক্লাবের সামনে সমাবেশে নেতারা

প্রেস ক্লাবের সামনে সমাবেশে নেতারা

এই হরতালের পোস্টার-লিফলেট লাগাতে গিয়েও নেতা-কর্মীরা বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন তেল-গ‌্যাস রক্ষা কমিটির সদস‌্য সচিব আনু মুহাম্মদ।

“কী কারণে এগুলোর উপর হামলা করে? আপনারা সকলে বুঝতে পারেন, একজনের নিজের যুক্তি যদি শক্তিশালী হয়, নিজের পায়ের নিচে যদি মাটি থাকে, তাহলে তার ক্রুদ্ধ হওয়ার জন্য দরকার হয় না, সন্ত্রাস করার দরকার হয় না।”

“সরকার জানে, সরকার যা বলছে জনগণ, তার নিজের মন্ত্রিসভার অনেকে, তার পুলিশ বাহিনী, বুরোক্রেসি, সরকারি দলের লোক, শ্রমজীবী ও পেশাজীবী থেকে শুরু করে কোনো পর্যায়ের মানুষ বিশ্বাস করে না। এ ধরনের অবিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকার কারণে ভীত-সন্ত্রস্ত হয়ে প্রতিবাদ হতে দেখলে তার উপর হামলা করে।”

পুলিশি হামলার প্রতিবাদে আগামী ২৮ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে তেল-গ‌্যাস রক্ষা কমিটি। ২৫ ফেব্রুয়ারি সারাদেশে রাজপথে অবস্থান কর্মসূচির পর ১১ মার্চ খুলনা মহানগরীতে ‘উপকূলীয় মানুষদের নিয়ে’ সমাবেশের কর্মসূচিও দিয়েছে তারা।

কর্মসূচির অব্যাহত থাকবে জানিয়ে আনু মুহাম্মদ বলেন, “আমাদের কর্মসূচি একের পর এক অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত আপনারা সর্বনাশা প্রকল্প বাতিল না করেন। বাতিল না হওয়া পর্যন্ত জনগণ থেমে থাকবে না।”

“আমরা চাই সরকার সুন্দরবন বিনাশী এই প্রকল্প থেকে সরে আসবে, তাদের শুভবুদ্ধির উদয় হবে। যতই দিন যাবে, ততই সুন্দরবনের ক্ষতি হতে থাকবে,” বলেন অর্থনীতির এই অধ‌্যাপক।

আন্দোলনকারীদের দাবি, রামপালে কয়লা বিদ‌্যুৎকেন্দ্র হলে পরিবেশ ও প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে হুমকির মুখে পড়বে ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ‌্য সুন্দরবন।

তবে তাদের এই দাবি ‘অযৌক্তিক’ মনে করছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের সঙ্গে যৌথভাবে নির্মাণাধীন এই বিদ‌্যুৎকেন্দ্রে অত‌্যাধুনিক প্রযুক্তি ব‌্যবহার করা হচ্ছে। ফলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

Image
শাহবাগে পুলিশকে লক্ষ্য করে পিকেটারদের ঢিল

শাহবাগে পুলিশকে লক্ষ্য করে পিকেটারদের ঢিল

Image
এক বিক্ষোভকারীকে মেরে টেনে হিঁচড়ে থানায় নিচ্ছে পুলিশ

এক বিক্ষোভকারীকে মেরে টেনে হিঁচড়ে থানায় নিচ্ছে পুলিশ

সরকারের এই যুক্তিকে অসার দাবি করে আনু মুহাম্মদ বলেন, “আপনাদের নাই কোনো তথ্য-যুক্তি, নাই কোনো নৈতিক ভিত্তি। আপনারা একটি অনৈতিক ভিত্তি, একটি বাগাড়ম্বর ও একগুঁয়েমির উপর দাঁড়িয়ে আছেন। লোভের ওপর, ক্ষমতাকে আঁকড়ে থাকার ও চিরস্থায়ী করার ওপর দাঁড়িয়ে আছেন।”

সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, “সারা দুনিয়াতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হচ্ছে। সকলের ফেলে দেওয়া প্রযুক্তি সরকার ব্যবহার করতে চাইছে। আল্ট্রাপ্রযুক্তি শুধু শেখ হাসিনা জানেন, আর কারও কাছে এই প্রযুক্তির খবর নেই।”

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, “সরকার সুন্দরবন রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে।

“ভারতে কয়লাভিত্তিক বিদ্যুৎককেন্দ্র নির্মাণ না করতে পেরে এনটিপিসি শ্রীলঙ্কায় প্রকল্প বাস্তবায়নের জন্য গেল, সে দেশের আদালত বাতিল করার রায় দেয়। আর আমাদের সরকার প্রকৃতি ধ্বংস করা এই প্রকল্পের পক্ষ নিচ্ছে।”

বিশেষ উদ্দেশ‌্য থেকে বাংলাদেশের রামপালে বিদ‌্যুৎকেন্দ্র নির্মাণের পেছনে ভারতের একটি অংশ সক্রিয় বলে মনে করেন আনু মুহাম্মদ।

ভারতে কয়লাভিত্তিক বিদ‌্যুৎকেন্দ্র করতে না পারার কথা তুলে ধরে তিনি বলেন, “এখন তাদের চাকরি হারানো কনসালটেন্ট, তাদের বুরোক্রেট, তাদের যে ব্যবসা, সেই ব্যবসাটা বাংলাদেশে এসে বাংলাদেশকে একটি আবর্জনাগার, একটি ডাস্টবিন বানানোর উপক্রম করেছে।”

‘ভাড়াটে কনসালটেন্ট’ ছাড়া কেউ রামপালের পক্ষে নয় দাবি করে আনু মুহাম্মদ বলেন, “বাংলাদেশের সমস্ত বিশেষজ্ঞ ও বোধশক্তিসম্পন্ন মানুষ জানেন, সুন্দরবন এলাকায় বিদ্যুৎকেন্দ্র হলে আপনি কয়েক কোটি মানুষকে মৃত্যুর হাতে ছেড়ে দিলেন। তার মৃত্যু পরোয়ানা লিখে দিচ্ছেন।”

Image
প্রেস ক্লাবের সামনে সমাবেশে হরতালকারীরা

প্রেস ক্লাবের সামনে সমাবেশে হরতালকারীরা

ঢাকায় এই হরতালের মধ‌্যে রামপালে সরকারদলীয় সংসদ সদস‌্য তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে মানববন্ধন করে স্থানীয়রা। সেখানে উন্নয়নের স্বার্থে দ্রুত এই বিদ‌্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

রামপালে বিদ্যুৎপ্রকল্প হলে তা ঘিরে যে কর্মসংস্থানের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তা অতিরঞ্জন বলে দাবি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ের অর্থনীতির অধ‌্যাপক আনু মুহাম্মদ।

“বিদ্যুৎকেন্দ্র এবং এ আশেপাশের কারখানা মিলে ২০ থেকে ৩০ হাজার লোকের কর্মসংস্থান হতে পারে। কিন্তু এক্ষেত্রে নদী, বায়ু ও মাটির যে দূষণ হবে, তাতে কর্মসংস্থান হারাবে ৩৫ থেকে ৪০ লাখ মানুষ।”

একটা বন ও প্রাণ-প্রকৃতি রক্ষার জন্য হরতালের কর্মসূচি শুধু বাংলাদেশে নয় বিশ্বের ইতিহাসে প্রথম বলে দাবি করেন তিনি।

“হরতালের মতো সাধারণ ধর্মঘটের মধ্য দিয়ে সাধারণ জনগণের মতের প্রকাশ ঘটলো, ঢাকা মহানগরসহ সারাদেশের মানুষ একটা ইতিহাস তৈরি করলেন।”

তিনি বলেন, “শত বাধা, ভীতি ও ত্রাস সত্ত্বেও বহু প্রতিষ্ঠানের বহু কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করেছেন, বহু প্রাইভেট গাড়ি আজ রাস্তায় বের হয় নাই, বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা ওই সময়টাতে সুন্দরবন নিয়ে তাদের চিন্তা ও স্বকীয়তায় সময় কাটিয়েছেন।”

শাহবাগে ক্লাস রুম হওয়ার পরিকল্পনা শিক্ষক-শিক্ষার্থীদের ছিল জানিয়ে এই অধ‌্যাপক বলেন, “সকল শিক্ষার্থীরা সুন্দরবন নিয়ে ক্লাস করবে রাস্তায়, সম্ভবত পুলিশ সেটা টের পেয়ে সকাল থেকে টিয়ার শেল ও রবার বুলেট নিক্ষেপ করে। শান্তিপূর্ণ কর্মসূচিতে একের পর এক টিয়ার শেল, রবার বুলেট ও জলকামান ব্যবহার করে বহুজনকে আহত করেছে।”

সিপিবি সাধারণ সম্পাদক জাফর আহমেদ শাহবাগে পিকেটারদের উপর পুলিশি হামলার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

“কেন শাহবাগে টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে, তার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। কেন এই হামলা হল, তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।”

সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বক্তব‌্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থানরত পিকেটারদের সঙ্গে সংহতি প্রকাশ করেন কেন্দ্রীয় নেতারা।