’৭৩ এর মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের কেন যাচাইয়ের বাইরে রাখা হবে না: হাই কোর্ট
১৯৭৩ এর বিশেষ বিসিএস ব্যাচের মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের সনদ কেন যাচাই-বাছাই প্রক্রিয়ার আওতা বহির্ভূত রাখা হবে না, জানতে চেয়েছে হাই কোর্ট।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’র মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
মুক্তিযোদ্ধা অফিসার্স সমিতির পক্ষে কাজী বজলুর রহমানসহ ১৭ জনের করা এক রিট আবেদনে এ আদেশ দেয় হাই কোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
১৩১৪ জন মুক্তিযোদ্ধা ’৭৩ এর বিশেষ বিসিএস ব্যাচে উত্তীর্ণ হন। বর্তমানে এরা সবাই অবসরে গেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সারাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলছে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ১২ জানুয়ারি এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সকল জেলা ও মহানগরে কমিটি করে।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই সংক্রান্ত নির্দেশিকা জারি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)।
এদিকে আরেকটি রিট আবেদনে সোমবার হাই কোর্টের এক আদেশে ওই কমিটি গঠন কেন অবৈধ নয়, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।
