২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দেশের প্রতি টান নিয়েই প্রবাসে ছিলেন মাহফুজুল বারী’

বাংলাদেশের স্বাধীনতা আনার পর বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশ ছাড়লেও প্রবাসে থেকেও মাতৃভূমির প্রতি যে টান অনুভব করতেন মাহফুজুল বারী, তার কফিন সামনে রেখে তাই স্মরণ করেছেন বন্ধু-সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 11:13 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

মঙ্গলবার বিকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফুজুল বারীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর এই মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ দেয় পুলিশের একটি দল।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মাহফুজুল বারীর মরদেহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হিমাগারে নেওয়া হয়।

রাতে পরিবারের সদস্যরা মাহফুজুল বারীর মরদেহ নিয়ে কানাডা যাত্রা করেন। ১৯৭৫ সালে মাতৃভূমি ছেড়ে এই দ্শেটিতে আবাস গেঁড়েছিলেন তিনি।

বঙ্গবন্ধুর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি মাহফুজুল বারী হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মারা যান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস‌্য মাহফুজুল বারী এক সময় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রবাসেও বাঙালি সংস্কৃতির প্রচারে সক্রিয় ছিলেন তিনি। উদীচী শিল্পী গোষ্ঠীর কানাডা শাখার উপদেষ্টা ছিলেন তিনি। গত ২২ ডিসেম্বর রাজধানীতে সংগঠনটির ২০তম জাতীয় সম্মেলনেও অংশ নেন মাহফুজুল বারী।

শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠানে আয়োজন করে উদীচী।

উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশত্যাগে বাধ্য হয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছিল মাহফুজুল বারীকে। তবে প্রবাস জীবনে সবসময় বাংলাদেশের প্রতি টান অনুভব করতেন তিনি।

“তিনি সবসময়ই সবার মনে থাকবেন,” বলেন এই সাংবাদিক।

আগরতলা মামলার অন্যতম আসামি কর্নেল শওকত আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন মাহফুজুল বারীর প্রতি শ্রদ্ধা জানান।

সিপিবি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, ঐক‌্য ন‌্যাপ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, ক্ষেতমজুর সমিতি, যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন, ঐতিহাসিক আগরতলা মামলা মূল্যায়ন পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

আগরতলা মামলার অন্যতম আসামি এবং একাত্তরে মাহফুজুল বারীর সহযোদ্ধা আব্দুল জলিল সরকারি উদ্যোগে শ্রদ্ধা নিবেদন বা শোক কর্মসূচি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।