আর্সেনিক ঝুঁকিতে ১২ শতাংশ মানুষ
দেশের ১২ শতাংশ মানুষ এখন আর্সেনিক ঝুঁকিয়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
ফাইল ছবি
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লুৎফা তাহেরের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২০০৩ সালের ২৭১ উপজেলার ৫০ লাখ নলকূপের আর্সেনিক পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সাড়ে ১৪ লাখ অর্থাৎ ২৯ শতাংশ নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত (৫০ পিপিবি-এর ওপরে) আর্সেনিক পাওয়া গেছে।
“বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন প্রকার নিরসন কার্যক্রম বাস্তবায়নের পরে বর্তমানে ১২% মানুষ আর্সেনিক দূষণজনিত ঝুঁকির মধ্যে রয়েছে”।
মন্ত্রী জানান, ইতোমধ্যে ১৮৬৫ কোটি ৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসনে একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তা বাস্তবায়িত হলে প্রায় সারাদেশের আর্সেনিক দূষণের বর্তমান পরিস্থিতি জানা যাবে েএবং ২৯ জেলার ১১০ উপজেলার ১১২৪টি ইউনিয়নে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি নিশ্চিত হবে।
ডিসেম্বরের মধ্যে সবাইকে স্মার্টকার্ড
সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৯ কোটি মানুষের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২ অক্টোবর ২০১৬ থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রম ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যায়। এ সময়ে নিবন্ধিত ৯ কোটি ভোটার পর্যায়ক্রমে তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন।
ক্রিকেটের মান বাড়াতে দু’পদক্ষেপ
জাসদের সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সংসদে জানান, বাংলাদেশে ক্রিকেট দল সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়ে হোয়াইট ওয়াশ হয়েছে। এতে জনমনে (ক্রিকেটের মান ) নিয়ে প্রশ্ন হওয়া স্বাভাবিক।
“ যাতে এ ধরনের ফলাফল যাতে না হয় তার জন্য দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কোন দেশ সফরের আগে কন্ডিশনিং ক্যাম্প পরিচালনা করা হবে এবং ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সংক্রান্ত বিশেষায়িত কোচ নিয়োগ করে তাদের খেলার মান উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে।”
বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে গিয়ে হোয়াইট ওয়াশ হওয়ায় বাংলাদেশি ক্রিকেটের মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মানোন্নয়নে কী পদক্ষেপ নেওয়া হবে-জানতে চান সাংসদ এ কে এম রেজাউল করিম তানসেন।
