২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সহিংসতা হলে দায় সরকারের: আনু ‍মুহাম্মদ

তেল-গ‌্যাস রক্ষা কমিটি ‘ব‌্যতিক্রমী’ হরতাল করতে চায় জানিয়ে এই কর্মসূচিতে কোনো সহিংস ঘটনা ঘটলে সরকারকে দায়ী করা হবে বলে হুঁশিয়ার করেছেন নাগরিক এই কমিটির সদস‌্য সচিব আনু মুহাম্মদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 08:19 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মঙ্গলবার ঢাকায় এক পদযাত্রা কর্মসূচিতে তিনি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, তারা ‘শান্তিপূর্ণ ও ব‌্যতিক্রমী’ হরতাল করতে চান।  

“সেখানে যদি কেউ অন্তর্ঘাত চালায়, কেউ অন্তর্ঘাত করতে চায় কিংবা সহিংসতা চালায়, তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।”

‘নিজের সন্তানের ভবিষ্যতের জন্য হলেও’ আইনশৃঙ্খলা বাহিনী হরতালকারীদের সহায়তা করবে আশা প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‌্যালয়ের এই অধ‌্যাপক।

সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ‌্যুৎ কেন্দ্র না করার দাবিতে তেল-গ‌্যাস খনিজ সম্পদ ও বিদ‌্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকায় এই হরতাল ডেকেছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রত্ক্ষি বিএনপি ইতোমধ‌্যে বাম সমর্থিত এই নাগরিক কমিটির হরতালে সমর্থন দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনকে হুমকির মুখে ঠেলে দেবে বলে হরতালকারীদের দাবি। পরিবেশবাদীরাও এই বিদ‌্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছেন।

ইউনেস্কোসহ সবার উদ্বেগ উড়িয়ে দিয়ে সরকার বলছে, সর্বাধুনিক প্রযুক্তি ব‌্যবহারের মাধ‌্যমে সুন্দরবনের ক্ষতি না করেই এই বিদ‌্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে।

শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করছে তেল-গ‌্যাস রক্ষা কমিটি। সাত বছরের আন্দোলনের ধারাবাহিকতায় হরতাল কর্মসূচি এসেছে বলে পদযাত্রা কর্মসূচিতে জানান কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

তিনি বলেন, “কেউ হরতাল নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু এ হরতাল হঠাৎ করে আসে নাই, গত সাত বছর ধরে সুন্দরবন বিনাশী বিদ্যুৎকেন্দ্র বিরোধী এ আন্দোলন আমরা করছি। সভা-সমাবেশ, গবেষণা, বিশেষজ্ঞদের সভা, দলিল-পত্র তৈরি, দলিলপত্র সরকারকে দেওয়া, একাধিক লংমার্চ, মানববন্ধন, আন্তর্জাতিক প্রতিবাদ দিবস, জনমত জরিপসহ নানা কর্মসূচি হয়েছে।

“এসব সত্ত্বেও সরকার যখন অনড়, অনমনীয় ও অযৌক্তিক, সেই অবস্থানের বিরুদ্ধে বাধ্য হয়ে এবং জনগণের সব অংশের অংশগ্রহণ নিশ্চিত করতে হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।”

বুধবারের মধ্যে রামপালসহ ‘সুন্দরবনবিনাশী সমস্ত প্রকল্প বন্ধ রাখলে’ হরতাল স্থগিত করা হবে বলে জানান তিনি।

শিক্ষক-শিক্ষার্থী-শ্রমজীবী সবাইকে নারী-পুরুষ নির্বিশেষে হরতাল সফল করতে রাজপথে নামার আহ্বান জানান এই বিশ্ববিদ‌্যালয় শিক্ষক।

“শিক্ষক-শিক্ষার্থীদের বলব, সেদিনের ক্লাসরুম যেন রাস্তায় হয়, সেদিন শিক্ষাদান হবে সুন্দরবন নিয়ে। যারা গান করেন- কবিতা লেখেন, যারা শিল্পী-লেখক-বুদ্ধিজীবী, তাদের সৃজনশীলতার প্রমাণ ও প্রকাশ ঘটবে রাস্তায়। শ্রমজীবী মানুষ যারা শ্রম ও মেহনত বিক্রি করেও এদেশে টিকে থাকতে পারেন না, তারা সেদিন কাজ থেকে কয়েক ঘণ্টা বিরত থেকে নিজেদের শক্তি বাড়াবেন।”

এই হরতাল কেন ব‌্যতিক্রমী- তার বাখ‌্যায় আনু মুহাম্মদ বলেন, “অন্য হরতাল ধ্বংসের হরতাল, ক্ষমতা দখলের সংকীর্ণ লড়াইয়ের হরতাল, জ্বালাও-পোড়াওয়ের হরতাল।

“কিন্তু আমাদের এই হরতাল হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের হরতাল, সৃজনশীলতার হরতাল, সৃষ্টির হরতাল, জাতীয় সম্পদ ও বাংলাদেশকে রক্ষার হরতাল।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরুর আগে সমাবেশে অন্যদের মধ্যে জাতীয় কমিটির সংগঠক ও সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স ও আকবর খান বক্তব্য দেন।

সমাবেশের পর তোপখানা রোড, পুরানা পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয় আন্দোলনকারীদের পদযাত্রা।

পদযাত্রায় হরতাল সফল করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রচারপত্র বিলি করা হয়।