মহাখালীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে এক চিকিৎসক মারা গেছেন।
পুলিশ বলছে, নিহত ইফতেখার কাসেম (৫৩) এর গ্রামের বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। রাজধানীর গুলশানে ‘পাটনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এই চিকিৎসক।
ঢাকা রেলওয়ে থানার এসআই রাশেদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১১টার দিকে মহাখালী রেল ক্রসিং থেকে বনানীর দিকে ৫০ গজ দূরে রেললাইনের পাশ থেকে কাসেমের মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, কাসেম রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাখালী রেলগেইট থেকে বনানীর দিকে যাচ্ছিলেন।
এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা কর্ণফুলি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গুলশান-১ নম্বর এলাকায় অবস্থিত ‘পাটনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এ কাজ করা চিকিৎসক কাসেম রাজধানীর আদাবর থানাধীন মোহাম্মদীয় হাউজিং এ থাকতেন।
বাসা থেকে প্রতিদিন মহাখালী হয়ে অফিসে যান জানালেও রেললাইন দিয়ে কেন হেঁটে যাচ্ছিলেন তা বোধগম্য নয় বলেন মন্তব্য করেন এসআই রাশেদ।
