বাড়ি ফিরেছেন সালমা
উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় পশ্চিমবঙ্গে পুলিশের হাতে আটক এক বাংলাদেশি নারীকে প্রায় দুই বছর পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত।
সালমা বেগম নামে ওই নারী পাসপোর্টবিহীন অবস্থায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হলেও ভারতীয় পুলিশের পাশাপাশি নাগরিক সমাজ ও বিচার ব্যবস্থার সহযোগিতায় সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
২০১৫ সালে পশ্চিমবঙ্গের আরামবাগের সারাটি গ্রাম থেকে উদ্ধারের পর এক মেডিকেল পরীক্ষায় তাকে মানসিকভাবে অসুস্থ বলে চিহ্নিত করা হয়েছিল। এরপর তার স্থান হয় পশ্চিমবঙ্গের একটি আবাসে।
সালমাকে ফেরত পাঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভস (সিএইচআরআই) এক বিবৃতিতে বলছে, “তার গল্প ভারত-বাংলাদেশ সীমান্তের দুই পাশে আমলাতান্ত্রিক জটিলতায় ধরা পড়া নিরীহ বেসামরিক মানুষের করুণ অবস্থা উন্মোচন করে।
“কিন্তু এটা সেই (ঘটনা) যেখানে গল্পটা বদলেছে; এবং মনে হয় তা (গল্পটা) বলিউডি সিনেমার মতোই ।”
তিন সন্তানের জননী সালমা গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা। পরিচিত এক নারীর সঙ্গে মানসিক রোগের চিকিৎসা করাতে ভারতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন; কিছুই মনে ছিল না তার।
পশ্চিমবঙ্গ পুলিশ তাকে খুঁজে পাওয়ার পর নিয়ম অনুযায়ী আদালতে তোলা হলে তাদের নির্দেশেই সালমাকে ওই আবাসে রাখা হয়। তিনি যে মানসিক রোগে ভুগছেন, হারিয়েছেন স্মৃতি তা প্রমাণিত ডাক্তারি পরীক্ষায়।
আবাসে কাউন্সেলিং নেওয়ার পর সালমা সুস্থ হয়ে ওঠতে শুরু করেন এবং তার পরিবারের কথা মনে করতে পারে।
এরপর আশ্রয় কেন্দ্রের প্রধান কাউন্সেলর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়। সালমাকে ফেরাতে তার আত্মীয়রা ছবি ও অন্যান্য কাগজপত্র পাঠান ভারতে।
বাংলাদেশে কার্যক্রমরত বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এরপর সিএইচআরআইয়ের সঙ্গে যোগাযোগ করে।
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি বারবার পশ্চিমবঙ্গ পুলিশ মন্ত্রণালয় গিয়ে সালমার জাতীয়তা নিশ্চিত করা হয়। পরে গত ডিসেম্বরে তাকে দেশের পাঠানোর অনুমতিপত্র দেওয়া হয়।
সিএইচআরআই ও তার সহযোগীদের বছরব্যাপী কার্যক্রমে সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
