২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলা মামলার আসামি মাহফুজুল বারী নেই

আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আসামি মাহফুজুল বারী মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2017, 05:05 PM

Updated : 19 Aug 2022, 03:33 PM

ঐতিহাসিক এই মামলার ২২তম এই আসামি সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম।

মাহফুজুল বারী হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য ছিলেন মাহফুজুল বারী। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরও সাবেক সাধারণ সম্পাদক তিনি।

মাহফুজুল বারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি ’৭৫ পরবর্তী সময়ে মাহফুজুল বারীর অবদানের কথা স্মরণ করেন।

শেখ হাসিনা প্রয়াত মাহফুজুল বারীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাহফুজুল বারী পাকিস্তান বিমানবাহিনী সদস্য ছিলেন। তিনি ১৯৬৮ সালের নভেম্বরে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এবং ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তি পান।

পাকিস্তান সরকার ১৯৬৮ সালে বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে সেনাবাহিনীর কয়েকজন কর্মরত ও প্রাক্তন সদস্য এবং সরকারি কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় অভিযোগ করা হয়েছিল, আসামিরা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে বসে তারা এই পরিকল্পনা করেন।

তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তান সরকার মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল।

তার তিন বছর পর মুক্তিযুদ্ধ শুরু হলে তাতে যোগ দেন মাহফুজুল বারী। ২ নম্বর সেক্টরে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাড়েন মাহফুজুল বারী। কলকাতা হয়ে পরে কানাডায় গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন তিনি। গত বছর তিনি দেশে আসেন।