আইন পেশায় ৫০ বছর পার করা ১৮ জনকে সংবর্ধনা
আইন পেশায় অর্ধশত বছর পার করেছেন, সর্বো্চ্চ আদালতের এমন ১৮ আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের আলোচনায় পেশাগত দায়িত্ববোধের বিষয়টিও উঠে আসে।
সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে ও সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে ৫০ বছরের অভিজ্ঞতা ও নানা ঘটনা বর্ণনা করতে গিয়ে নানা রসিকতায় মেতে ওঠেন সংবর্ধিত আইনজীবীরা।
সংবর্ধিত আইনজীবীরা হলেন- বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার মো. আবদুস সামাদ, গিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম লুৎফর রহমান, মনজুর-উর-রহিম, এম এ ওয়াদুদ ভূঁইয়া, ব্যারিস্টার আবদুল হাসিব, আবদুল বাসেত মজুমদার, এম হাফিজ উল্লাহ, সৈয়দ আবুল মোকাররম, মলয় ভূষণ রায়, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, আফসার উদ্দিন আহমদ খান, সৈয়দ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন ও খাইরুল ইসলাম।
সংবর্ধিতরা বক্তব্যে সততা ও পেশাদারিত্বের সঙ্গে আইনজীবীদের কাজ করার উপর জোর দেন। তা নাহলে সাধারণ মানুষের যে ভোগান্তিতে পড়তে হয়, সে কথাও বলেন তারা।
সৈয়দ আমিরুল ইসলাম বলেন, “এখন আইনজীবীর সনদ নেওয়ার দুই-তিন বছরের মধ্যে গাড়ি-বাড়ি হয়ে যাচ্ছে, যা এক সময় কল্পনাও করা যেত না। কমপক্ষে ২০-২৫ বছর লাগতো আমাদের সময়।”
নতুন আইনজীবীদের টাকার পেছনে না ছুটে আইনি জ্ঞান চর্চার আহ্বান জানান অবসরপ্রাপ্ত এই বিচারপতি।
“এখন অনেক আইনজীবী রেফারেন্স বুক ছাড়া শুনানিতে অংশ নেন। বই ছাড়া ওকালতি ইজ নট কারেক্ট। সব সময় রেফারেন্স বুক সাথে রাখতে হবে। একটি সংবিধান রাখতে হবে।”
আইন পেশার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে জ্যেষ্ঠ অনেক আইনজীবীই উচ্চ আদালতের বিভিন্ন স্তরে দুর্নীতির প্রসঙ্গও তোলেন।
আব্দুস সামাদ বলেন, “আইন অঙ্গনে তথা উচ্চ আদালতের বিভিন্ন স্তরে দুর্নীতি হয়। এতে সাধারণ জনগণের, বিচারপ্রার্থীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। এই সাধারণদের ভোগান্তি থেকে মুক্তি দিতে আইনজীবীদের এগিয়ে আসতে হবে।”
সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যাইন বাসেত মজুমদার বলেন, “দায়িত্বজ্ঞান, দায়িত্ববোধ না থাকলে এ পেশায় আসা উচিৎ না। আমি নিজেকে সবসময়ই গরিবের আইনজীবী হিসেবে চিন্তা করেছি। তাদের প্রতি দায়িত্ব অনুভব করেছি। যারা এ পেশায় আসছেন বা আসবেন, তাদের অন্তত এটুকু দায়িত্বশীল হতে হবে।”
গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “এ পেশার মাধ্যমেই সত্যটাকে বের করে আনা সম্ভব, সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। আমি কতটা পেরেছি জানি না, আমার মক্কেলরাই বলতে পারবে।”
খাইরুল ইসলাম বলেন, “আইন পেশা একটি বুদ্ধিবৃত্তিক পেশা। আমাদের আইনাঙ্গন কলুষতামুক্ত হোক, এটাই আমার চাওয়া।”
