২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার কী ভাষণের দুর্ভিক্ষ: ওবায়দুল কাদের

যুবলীগের একটি ওয়ার্ডের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে যোগ দিতে গিয়ে দলের ভেতর থেকেই ‘বাধা’ পেয়েছিলেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2017, 09:07 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

রোববার রাজধানীর গুলিস্থানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২০ নম্বর ওয়ার্ডের ওই সম্মেলনে যোগ দিয়ে একথা জানান তিনি।

সম্মেলনে বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের বলেন, “অনেক সমস্যার মধ্যে আছি আমি। একটি ওয়ার্ডের কাউন্সিলে আমি আসব, তাতেই দলের অনেকেরই চক্ষু চড়কগাছ। তারা বলছে, পার্টির সাধারণ সম্পাদক হয়ে আমি কেন ওয়ার্ডের সম্মেলনে যাবে?

“আমার কি ভাষণের দুর্ভিক্ষ লেগেছে? আমি এখানে ভাষণের ইচ্ছায় আসিনি। ভাষণের অনেক জায়গা আছে। সব জায়গায় আমি ভাষণ দিই না।”

তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে আগামীতে গ্রামে গ্রামে যাবেন জানিয়ে কাদের বলেন, “বড় নেতা হলে ছোট জায়গায় যাব না- এ মানসিকতা থাকলে নেতা বাড়বে, কর্মী কমে যাবে। এসব করলে আওয়ামী লীগ বাঁচবে না।

“এখানে না আসতে অনেকে বলেছে, আমি বলেছি যাব। কারণ ওয়ার্ডই সত্যিকারের তৃণমূল। প্রয়োজনে আমি দেশের যে কোনো গ্রামে, ওয়ার্ডে সুযোগ পেলেই যাব। কারণ এটাই পার্টির মূল জায়গা।”

দলের নামে কোনো অপকর্ম সহ্য না করার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “ইতোমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছি। ৪-৫ জন সাংসদকে পার্টি অফিসে ডেকে সতর্ক করে দিয়েছি, সংশোধন করে দিয়েছি।”

দলের সহযোগী যুব সংগঠনটির প্রশংসা করে তিনি বলেন, “আসলে যুবলীগে যে শৃঙ্খলা আছে, তা আওয়ামী লীগে থাকা উচিৎ।”

এই সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদও ছিলেন।