লিটনের খুনিদের খুঁজে বের করে শাস্তি দেব: প্রধানমন্ত্রী
গাইবান্ধায় নিজ দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সঙ্গে সংসদ সদস্যসহ সাধারণ মানুষের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার জাতীয় সংসদে লিটনের মৃত্যুতে আনা শোকপ্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা কখনও মেনে নেওয়া যায় না।
“অবশ্যই লিটনের হত্যার সঙ্গে যারা জড়িত, ঠিকই আমরা তাদের খুঁজে বের করব। যথাযথ শাস্তি আমরা দেব।”
গত ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে এমপি লিটনকে হত্যা করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। তিন সপ্তাহেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে খুনের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে আসছেন শেখ হাসিনা। তবে জামায়াত নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
সংসদে বক্তব্যেও লিটন হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন প্রধানমন্ত্রী।
২০১৩ সালে যুদ্ধাপরাধের রায়ের পর থেকে তিনি বছর নাশকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি-জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লিটন সুন্দরগঞ্জে শান্তি ফিরিয়ে এনেছিলেন।
“সুন্দরগঞ্জ ও তার আশাপাশের মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছিল। মনে হয়, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই ছিল তার বড় অপরাধ। এজন্যই তাকে টার্গেট করে। সারা বাংলাদেশে জামায়াত-বিএনপির যে হত্যাযজ্ঞ, স্বাধীনতাবিরোধী চক্রের এই হত্যাকাণ্ডের শিকার হয়েছে লিটন।”
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর এমপি লিটনের এলাকায় জামায়াতের তাণ্ডব চলে। তখন পুলিশ ফাঁড়িতে আক্রমণ চালিয়ে কয়েকজন পুলিশকে হত্যা করা হয়।
শেখ হাসিনা বলেন, “গোলাম আযমকে সুন্দরগঞ্জে লিটন মিটিং করতে দেয়নি। আমরা যুদ্ধপরাধীদের বিচার করছি তারা সেই প্রতিশোধও নিতে যাচ্ছে।
“আওয়ামী লীগের নেতাকর্মী, সংসদ সদস্য কোথাও একটু শক্ত হয়ে দাঁড়াচ্ছে, তাকে শেষ করে দিচ্ছে; হত্যা করা, এভাবে নানা পরিকল্পনা তাদের।”
আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “লিটনকে হত্যার মুল নায়ক হচ্ছে জামাত-শিবির-বিএনপি। এই হত্যার কোনো সাক্ষী লাগে না, কোনো প্রমাণ লাগে না। একনম্বর আসামি হল বেগম খালেদা জিয়া। আপনাকে উত্তর দিতে হবে, কেন তাকে হত্যা করা হল।”
খুনিদের ধরতে ওই এলকায় চিরুনী অভিযান চালাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “লিটনের হত্যাকারী ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তার হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।”
গণমাধ্যমের সমালোচনা
দুই বছর আগে এমপি লিটনের গুলিতে শিশু শাহাদাৎ হোসেন সৌরভের আহত হওয়ার ঘটনা নিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই প্রসঙ্গে বলেন, “লিটনের বিরুদ্ধে অপবাদ ছড়ানো হল যে সে শিশুকে গুলি করেছে। ও কেন শিশুকে গুলি করবে? ওই শিশু সৌরভের বাবা আওয়ামী লীগ করত। ওদের পরিবারের সাথে সে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল।
“মূল কথা ছিলো ওখানে লিটনকে হত্যা করার জন্য ওঁত পেতে বসেছিল। তার উপর আক্রমণ করা হয়েছিল। আত্মরক্ষার জন্য সে ফাঁকা গুলি চালায়। ফাঁকা গুলি অনেক সময় গায়ে লাগতে পারে।”
সৌরভের আহত হওয়া নিয়ে গণমাধ্যমের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “শিশু হত্যা করতে গেছে বলে এই যে পত্রপত্রিকায় এমনভাবে সেটাকে লিখল, সত্য কথাটা কেউ সেখানে তুলে ধরলে না।”
সৌরভকে গুলির মামলায় আদালতে মঞ্জুরুল ইসলাম লিটন (ফাইল ছবি)
ওই ঘটনার পর লিটনের বৈধ অস্ত্রগুলো জব্দ হওয়ায় তা তার জীবন ঝুঁকিতে ঠেলে দিয়েছিল বলে মনে করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “ও (লিটন) বারবার বলেছিল যে- আমি যেখানে যাই সব সময় নিজের নিরাপত্তা নিয়ে নিজেকেই চলতে হয়। যে কোনো সময় আমাকে মেরে ফেলে দেবে।
“তার স্ত্রীসহ সকলের অস্ত্রটা সিজ করা হল। ওই বাড়িতে পুলিশ পাহারা ছিল, সেই পুলিশ ছিল না। নির্বাচনে পুলিশ লাগবে বলে তুলে নেওয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটে গেছে আর যার ফলে ওর বাড়িতে ওর ঘরে ঢুকে নির্মমভাবে হত্যা করা হল।”
গাইবান্ধার সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “একটি ছেলেকে গুলির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের মিডিয়া উন্মাদ হয়ে গেছিল। আমরা মিডিয়ার কাছে হেরে গিয়েছিলাম। ডিসআর্ম হওয়ার কারণে তার এই পরিণতি হয়েছে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “সকলে মিলে বিশেষ করে মিডিয়া মঞ্জরুল ইসলাম লিটনকে একজন খারাপ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমি এই সংসদকে বলব, সংসদ সদস্যদের যেন নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া না হয়।”
আওয়ামী লীগের এ কে এম শামীম ওসমান, জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলক, মাহবুব আরা গিনি, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদও গণমাধ্যমের সমালোচনা করেন।
রোববার বর্তমান সংসদের চতুর্দশ অধিবেশনের শুরুতেই লিটন, সাবেক দুই মন্ত্রী ও এক সাংসদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে সর্বসম্মতভাবে তা সংসদে গৃহীত হয়। প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর সংসদের রেওয়াজ অনুযায়ী অধিবেশন আধা ঘণ্টার জন্য মুলতবি রাখা হয়।
