শিক্ষক লাঞ্ছনা: নারায়ণগঞ্জের জিডি আসছে ঢাকার আদালতে
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় সাংসদ সেলিম ওসমানের সম্পৃক্ততার সত্যতা বিচারিক তদন্তে উঠে আসার পর ওই ঘটনায় করা জিডি নারায়ণগঞ্জের হাকিম আদালত থেকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমকে জিডিসহ বিচারিক নথিপত্র অবিলম্বে ঢাকায় পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারিক তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ রোববার এই নির্দেশনা দিয়ে এর আগে জারি করা রুল নিষ্পত্তি করে দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। শ্যামল কান্তিকে লাঞ্ছনার ঘটনায় বিচারিক তদন্ত প্রতিবেদন তিনিই আদালতে উপস্থাপন করেন।
শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠ-বসের ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমানের সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদপত্রের প্রতিবেদন প্রথম আদালতের নজরে এনেছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান। তিনিও শুনানিতে ছিলেন।
মোতাহার হোসেন সাজু জানান, ৬৫ পৃষ্ঠার মূল তদন্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্তি হিসেবে আরও নথিপত্র হাই কোর্টে জমা দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান।
“তদন্তের সময় মোট ২৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিচারিক তদন্ত প্রতিবেদনে সিদ্ধান্ত এসেছে ছয়টি।”
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে তারই স্কুলের প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনার ভিডিওতে প্রধান শিক্ষককে কান ধরে উঠ-বসের নির্দেশ দিতে দেখা যায় স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে।
বিচারিক হাকিমের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শ্যামল কান্তি ধর্ম নিয়ে কটূক্তি করেছিলেন- এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। আর ‘স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে’ স্থানীয় সাংসদ সেলিম ওসমান সেদিন শ্যামল কান্তি ভক্ত কান ধরে ওঠবস করতে বাধ্য করেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।
ওই প্রতিবেদন পাওয়ার পর হাই কোর্ট আদেশে বলেছে, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হল, নিরপেক্ষ ও বৈষম্যহীনভাবে আইন প্রয়োগ করা। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কেউই আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। এটিই আইনের শাসনের মর্মবাণী। বিচারিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমরা ওই ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। বিচারের স্বার্থে এটি যথাযথ বলে প্রতীয়মান হয়।”
প্রতিবেদনে যা এসেছে
১. শ্যামল কান্তি ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ রিফাত হাসানকে গত বছরের ৮ মে মারধর করেন।
২. ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে শ্যামল কান্তির কটূক্তি করার সত্যতা পাওয়া যায়নি।
৩. গত বছরের ১৩ মে ওই স্কুলের পরিচালনা পর্ষদের সভা চলাকালে স্থানীয় শামসুল হকের ছেলে অপুর নেতৃত্বে ১০-১২ জন সভাকক্ষে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেন। এর সত্যতা তদন্তে পাওয়া গেছে। তবে অপু ছাড়া বাকি ১০-১২ জনের নাম কোনো সাক্ষীই প্রকাশ করেননি।
৪. গত বছরের ১৩ মে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা চলাকালে আনুমানিক বেলা ১১টার দিকে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়, ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন শ্যামল কান্তি। কে বা কারা ওই ঘোষণা দিয়েছেন, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ নিয়ে কমিটির সদস্যদের মধ্যে বিরোধের কারণে এমন ঘোষণা দেওয়া হতে পারে বলে বিশ্বাস করার কারণ আছে।
৫. গত বছরের ১৩ মে বিকেল ৫টার দিকে সংসদ সেলিম ওসমান প্রধান শিক্ষকের রুমে ঢুকে তাকে গাল-কান জুড়ে দুই হাত দিয়ে পরপর চারটি থাপ্পড় দিয়েছেন- এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
৬. সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশে শ্যামল কান্তি ভক্ত কান ধরে ওঠবস করতে বাধ্য হন। ভিডিও ফুটেজ দেখে তা প্রতীয়মান হয়েছে। তবে সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে, উপস্থিত স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য ওই নির্দেশ দিয়েছিলেন।
ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে শিক্ষক লাঞ্ছনার ওই ঘটনার পর দেশজুড়ে নিন্দা-প্রতিবাদের ঝড় বয়ে যায়, সাংসদ সেলিম ওসমানের শাস্তির দাবিও ওঠে।
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ এ নিয়ে পত্রিকায় প্রকাশিত খবর আদালতের নজরে আনলে গত বছরের ১৮ মে হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।
রুলে সেলিম ওসমানসহ জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়।
আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের পুলিশ একটি প্রতিবেদন দিলেও ‘সেলিম ওসমানকে ছাড় দিয়ে দায়সারা’ ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে ১০ আগস্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট।
শ্যামল কান্তিকে কানধরে উঠ-বসের ঘটনায় সেলিম ওসমান জড়িত কি না- তা খতিয়ে দেখে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে ৩ নভেম্বরে মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় ওই আদেশে।
হাই কোর্টের ওই আদেশে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান গত বছরের অক্টোবরে তদন্ত করতে নারায়ণগঞ্জে যান। তার সঙ্গে ছিলেন ঢাকার আদালতের দুই হাকিম গোলাম নবী ও মাজহারুল ইসলাম।
মুখ্য মহানগর হাকিম গত বৃহস্পতিবার তার তদন্ত প্রতিবেদন হাই কোর্টে দাখিল করলে রোববার তা আদালতে উপস্থাপন করা হয়।
