নির্মূল কমিটির নেতৃত্বে শাহরিয়ার কবির-কাজী মুকুল
যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছর নেতৃত্ব দেবেন শাহরিয়ার কবির ও কাজী মুকুল।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলন’র দ্বিতীয় দিনে সমাপনী অধিবেশনে ২০১৭ ও ২০১৮ সালের জন্য এই দুইজনকে বেছে নেয়।
নতুন নেতৃত্বে আসা দুইজনই ১৯৯২ সালে শহীদ জননী জাহানার ইমামের হাতে সংগঠনটির প্রতিষ্ঠার পর থেকেই সক্রিয় ছিলেন।
এবারের কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন- বিচারপতি গোলাম রব্বানী, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, বিচারপতি শামসুল হুদা, বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী, ব্যারিস্টার শফিক আহমেদ, আবু ওসমান চৌধুরী, অধ্যাপক অজয় রায়, সাংবাদিক কামাল লোহানী, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক আনিসুজ্জামান, পান্না কায়সার, অনুপম সেন, হাসান আজিজুল হক, ফেরদৌসী প্রিয়ভাষিণী, হাশেম খান, রফিকুন্নবী, স্থপতি রবিউল হোসেন, সুলতানা কামাল, আব্দুল গাফফার চৌধুরীসহ অন্যরা।
সভাপতি শাহরিয়ার কবীরের সঙ্গে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক মুনতাসির মামুন, শ্যামলী নাসরিন চৌধরী রয়েছেন। অন্যদিকে কাজী মুকুলের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন নুজহাত চৌধুরীসহ বেশ কয়েকজন।
নির্মূলকমিটির আইন সম্পাদক হিসেবে কাজ করে আসা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ নতুন কমিটির সম্পাদকমণ্ডলীতে নেই। তার জায়গায় এসেছেন তরুণ আইনজীবী ব্যারিস্টার নাদিয়া চৌধুরী। আর তুরিন আফরোজ রয়েছেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসাবে।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটি গড়ে তোলেন শহীদ জননী জাহানারা ইমাম। ওই সময় গণআদালত গড়ে তোলে যুদ্ধাপরাধী গোলাম আযমের বিচারও করা হয়।
সেই আন্দোলনের ধারাবাহিকতায় যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে নতুন প্রজন্ম সচেতন হলে যুদ্ধাপরাধের বিচারের পথ তরান্বিত হয় বলে অনেকে মনে করেন। যার চূড়ান্ত রূপ দেখা যায় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নতুন প্রজন্মের গড়ে তোলা গণজাগরণ মঞ্চের আন্দোলনে।
সেই ঘাতক দালাল নির্মূল কমিটির সপ্তম সম্মেলনে বিভিন্ন বিষয়ে ১০ দফা প্রস্তাব তুলে ধরেন অধ্যাপক মুনতাসির মামুন।
যার মধ্যে রয়েছে- ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসাবে ঘোষণা, জামায়াতসহ গণহত্যায় অংশগ্রহণকারী সব দলের বিচার, ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার, যুদ্ধাপরাধের বিচারে গতি আনতে দ্বিতীয় ট্রাইব্যুনাল ফের চালু, জিয়া ও এরশাদের আমলে পাস করা সংবিধানের মূলনীতিবিরোধী সব আইন বাতিল করে চার মূলনীতি ফিরিয়ে আনা, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা, সব শ্রেণিতে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোর্স চালু করা, যুদ্ধাপরাধ মামলার আপিল শুনানি দ্রুততর করা।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী কন্যা শমী কায়সার বলেন, সংবিধানের চার মূলনীতিতে ফিরে যেতে হবে। বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠা মৌলবাদ মোকাবেলায় সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর জন্য সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নেই।
শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর ছেলে তানভীর হায়দার চৌধুরী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে-এটা আমাদের স্বস্তি দেয়। কিন্তু যে কারণে আমার বাবা প্রাণ দিয়েছে, সেই বাংলাদেশতো এখনো প্রতিষ্ঠিত হয়নি। এ জন্য সংবিধানের চারনীতিকে ফিরিয়ে আনতে হবে।”
বিদায়ী আইন সম্পাদক ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, “অনেকদিন যাবত কথা হলেও এখনো সাক্ষী সুরক্ষা আইন হয় নাই। ট্রাইব্যুনাল সরানো নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। ট্রাইব্যুনাল এখান থেকে সরানো যাবে না। বিচার শেষ হওয়ার পর জাদুঘর না হওয়া পর্যন্ত এখানেই ট্রাইব্যুনাল থাকবে।
শিক্ষাবিদ মমতাজ লতিফ বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে জামায়াত-শিবিরের লোকজন লুকিয়ে আছে। এদেরকে খুঁজে বের করতে হবে।
সভাপতির বক্তব্যে বিচারপতি গোলাম রব্বানী জাত নিরপেক্ষ সমাজ গড়ার ডাক দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
