২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে সাংবাদিকদের আরও নজরদারি চান তথ্যমন্ত্রী

যেসব সরকারি দপ্তরের সঙ্গে জনগণের বেশি সম্পৃক্ততা রয়েছে সেসব জায়গায় নজরদারি বাড়াতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2017, 04:55 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নব-নির্বাচিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাতে গেলে তিনি বলেন, “সরকারের যেসব বিভাগ জনগণকে সেবা দিয়ে থাকে সে বিভাগগুলোর উপর আরও নজরদারি বাড়ান। এবং যেসব বিভাগ উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সেখানে অপচয়, ক্ষমতার অপব্যবহার হচ্ছে কি না- এটা আপনারা নজরে রাখবেন।

“যে বিভাগগুলো আইন-শৃঙ্খলা রক্ষায় জড়িত সেখানে যথাযথভাবে আইন-শৃঙ্খলা রক্ষার কাজ হচ্ছে কি না সেটা আপনারা দেখবেন। সার্বিকভাবে সরকার জনগণের সেবা দিচ্ছে কি না, নিরাপত্তা দিচ্ছে কি না, জনগণের সমস্যা যথাসময়ে শুনতে পাচ্ছে কি না, সে বিষয়ে আপনাদের প্রখর নজরদারি প্রশাসনের স্বচ্ছতা আরও নিশ্চিত করবে।”

সরকারি দপ্তরগুলোতে গণমাধ্যমকর্মীদের নজরদারি বাড়লে প্রশাসনের জবাবদিহিতা বাড়ার পাশাপাশি গণতন্ত্র মজবুত হবে বলেও মন্তব্য করেন জাসাদ সভাপতি ইনু।

সাংবাদিক নেতারা সচিবালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সমস্যাগুলো লিখিতভাবে তথ্যমন্ত্রীকে জানান।

এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ইনু বলেন, “বহু কিছু ছিল না, আস্তে আস্তে হচ্ছে। আরও যে সমস্যা আছে সেগুলোর সমাধান হয়ে যাবে।”

এই অনুষ্ঠানে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের সহ-সভাপতি তালুকদার হারুন, সাধারণ সম্পাদক মহসিন আশরাফ, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ বাদল, অর্থ সম্পাদক দীন ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফসীহ উদ্দিন মাহতাব এবং কার্যনির্বাহী সদস্য তপন বিশ্বাস, প্রসূন আশীষ, মাসউদুল হক, রাকিব উদ্দীন ও হাবিবুর রহমান।

গত ১৩ জানুয়ারি বিএসআরএফের দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০১৭-১৮ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।