২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২১ সালের মধ্যে সকলের জন্য ইন্টারনেট: পলক

নানা প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সব মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 08:40 PM

Updated : 19 Aug 2022, 03:31 PM

মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ৪৭তম বার্ষিক সভার ‘ইনোভেশনস টু কানেক্ট দ্য আনকানেক্টেড’ শীর্ষক এক ফোকাস গ্রুপ ডিসকাসনে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পলক বলেন,“দেশের সকল মানুষকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে এবং ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই ‘বাংলাগভনেট’ ও ‘ইনফো সরকার-২’ প্রকল্পের মাধ্যমে উপজেলাগুলোকে উচ্চগতির ফাইবার অপটিক কেবলের আওতায় নিয়ে আসা হয়েছে।

“দেশের সকল ইউনিয়নকে সংযুক্ত করতে ‘ইনফো-৩’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, গৃহিত হয়েছে স্টাবলিশিং ডিজিটাল কানেকটিভি প্রকল্প।

“দুর্গম এলাকাগুলোকে সংযুক্ত করতে কানেক্ট বাংলাদেশ প্রকল্প হাতে নিয়েছি। এ ধরনের উল্লেখযোগ্য নানা প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে দেশের সকল জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে,” বলেন পলক।

ইতোমধ্যে বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আগামী ৫ বছরে এ সংখ্যা শতভাগে নিয়ে যেতে আমরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছি।”

ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, জাপানের ইকোনমি, ট্রেড অ‌্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী হিরোশি সেকো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর জনক স্যার টিম বার্নস লি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের মহাসচিব হাওলিন ঝাও, ইউনেস্কোর মহাসচিব ইরিনা জর্জিয়েভা বোকাভা, বোস্টন কনসাল্টিং গ্রুপের সিনিয়র পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক ওল্ফগ্যাং বকসহ অন্যরা।

গত বছরের ১২ মার্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জুনাইদ আহমেদ পলককে ইয়ং গ্লোবাল লিডার মনোনীত করে।