২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউইএফের সভায় প্রধানমন্ত্রী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রায় অর্ধশত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিয়েছেন।

রিয়াজুল বাশার

সুইজারল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 10:10 PM

Updated : 11 Oct 2022, 01:21 PM

পুরনো খবর:

‘ব্র্যান্ডিং বাংলাদেশ’, পরামর্শ ডব্লিউইফ প্রধানের
ডাভোসে গার্মেন্ট নিয়ে প্রশ্নের জবাব দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় সময় মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডের আল্পস অঞ্চলের রিসোর্ট শহর ডাভোসের কংগ্রেস সেন্টারে ডব্লিউইএফের বার্ষিক সভার কার্যক্রম শুরু হয়। ‘রেসপনসিভ অ্যান্ড রেসপনসিবল লিডারশিপ’ শ্লোগানে হচ্ছে এবারের বৈঠক।

ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান  ক্লস সয়াবের উদ্বোধনী বক্তব্য এবং শাকিরা ও অন্যান্য শিল্পীদের পরিবেশনার মধ‌্য দিয়ে ৪৭তম সভার কার্যক্রম শুরু হয়। এদিন বক্তব‌্য দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সভার মূল অধিবেশন শুরু হবে বুধবার। সুইস প্রেসিডেন্ট ডরিস লেথার্ড ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্বোধন করবেন।

‘ধনীদের বার্ষিক আলোচনা সভা’ নামে পরিচিত এ ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লস এবারের বার্ষিক সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী এবারই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন। এর আগে ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তখনকার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ অংশে নেন।

এবারের সভায় শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশের মর্যাদা আরও ‘সুসংহত’ হয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

তিনি বলেন, “বিশ্ব মানচিত্রে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের প্রতিফলন এটি; প্রধানমন্ত্রীর সক্ষমতা ও দূরদৃষ্টি যে তাকে বিশ্বনেতৃত্বের অন্য স্তরে নিয়ে গেছে, এটা তারও ইঙ্গিত।”

সভার কার্যক্রম শুরুর দিনই সুইস প্রেসিডেন্ট ডরিস লেথার্ড ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে অনির্ধারিত আলাপ হয় শেখ হাসিনার।

ফোরামের  সভায় বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবস্থাপক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বৈশ্বিক, আঞ্চলিক ও শিল্পখাতের বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলেন; পাশাপাশি তারা সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

এবারেও প্রায় তিন হাজার শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, ব্যবস্থাপক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডাভোসে মিলিত হবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এরমধ্যে ৪৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ছাড়াও থাকবেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধান এবং বহুজাতিক বৃহৎ কোম্পানির ব্যবস্থাপক ও উদ্যোক্তারা।

প্রধানমন্ত্রীর সফরঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রয়েছেন।