অবমাননার ব্যাখ্যা শুনতে সরাইলের ওসিসহ ৮ পুলিশকে তলব
আদালতের আদেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি রুপক কুমার সাহাসহ আট পুলিশ সদস্যকে তলব করেছে হাই কোর্ট।
আগামী ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় তাদেরকে আদালতে হাজির হয়ে অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
অন্য সাত পুলিশ সদস্য হলেন- সরাইল থানার এসআই আ. আলিম, পুলিশ সদস্য শাহ আলম, মোতালেব, শাহাদত, মহির, করিম ও মান্নান।
মঙ্গলবার বিচারপতি মো. এমদাদুল হক আজাদের একক হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন প্রাক্তন সহকারি অ্যাটর্নি জেনারেল মো. জাফর আলী।
২০১১ সালে সরাইল থানার মনেজা খাতুন তার প্রাক্তন স্বামী মো. সালাউদ্দিনের খোরপোষ ও মোহরানা দাবি করে জেলার সহকারি জজ ও পারিবারিক আদালতে মামলা করেন।
শুনানি নিয়ে আদালত ২০১৫ সালের ২৯ অক্টোবর মনেজা খাতুন ও তার দুই নাবালক কন্যার অনুকুলে ৪ লাখ ১০ হাজার টাকা দিতে আদেশ দেয়।
পারিবারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে মো. সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার জেলা আদালতে আপিল করেন। জেলা আদালত সালাউদ্দিনের আপিল খারিজ করে দিয়ে পারিবারিক আদালতের আদেশ বহাল রাখে।
পরে সালাউদ্দিন এই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে রিভিশন মামলা দায়ের করলে হাই কোর্ট গত বছরের ৮ সেপ্টেম্বর নিম্ন আদালতের আদেশসহ মামলার কার্যক্রম স্থগিত করে।
জাফর আলী সাংবাদিকদের বলেন, “হাই কোর্টে মামলার কার্যক্রম স্থগিত থাকার পরও গত ১১ নভেম্বর মো. সালাউদ্দিনকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তারের ঘটনায় সরাইল থানা পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে শুনানি শেষে আদালত মঙ্গলবার সরাইল থানার ওসিসহ ৮ পুলিশ সদস্যর বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে রুল জারির পাশাপাশি তাদের তলব করেছেন।”
