রাজধানীতে শুরু মৃৎশিল্প ও চিত্রকর্মের দুই প্রদর্শনী
এশিয়ার মৃৎশিল্পের ঐতিহ্য আর রুশ চিত্রকর্মের নান্দনিকতা উপভোগের স্বাদ দিতে রাজধানীতে শুরু হয়েছে দুটি আলাদা প্রদর্শনী।
এর মধ্যে মঙ্গলবার ঐতিহ্যবাহী মৃৎশিল্পের নিদর্শন নিয়ে পসরা বসেছে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে, যাতে অংশ নিয়েছেন বাংলাদেশ ও চীনের ১১ জন শিল্পী।
আর একইদিনে গ্যালারি কসমসে ‘লেডিস কাম ফ্লাইং’ শিরোনামে শুরু হয়েছে রুশ চিত্রশিল্পী সার্জে রাজ্যিকের চার দিনব্যাপী চিত্রপ্রদর্শনী।
‘বাংলাদেশ-চায়না গ্রুপ সিরামিক প্রদর্শনী’ শিরোনামে দুপুরে চারুকলার জয়নুল গ্যালারিতে উদ্বোধন করা মৃৎশিল্প প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই প্রদর্শনীর উদ্বোধন করে বলেন, “বাংলাদেশের শিল্প-সংস্কৃতি বুঝতে হলে চীনাদের যেমন বাংলা ভাষা রপ্ত করতে হবে, তেমনি আমাদেরও তাদের ভাষা শিখতে হবে। দুদেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন আরও দৃঢ় করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।”
‘লেডিস কাম ফ্লাইং’ প্রদর্শনীর একটি ছবি
মানবসভ্যতা ক্রমবিকাশের পথে কাঁদামাটির শিল্পের নানা বিবর্তন দেখা গেছে এই প্রদর্শনীতে। মৃৎশিল্পে রং-তুলির ছোঁয়ায় নিত্য ব্যবহারের তৈজসে নান্দনিকতার ছোঁয়া দিয়েছেন শিল্পী গাও ইয়ানহুই। কাঁদামাটিতে ব্যাঙের জীবনচক্রকে এঁকেছেন শিল্পী ঝা লু, অপেরা শিল্পীদের পারফরম্যান্সের দেখা মিলবে ঝা লুর শিল্পকর্মে। অনুভব-অনুভূতির খেলাকে নানা আঙ্গিকে উপস্থাপন করেছেন শিল্পী ডং জুয়াংহন, তার সিরিজ ছবির শিরোনাম ‘এক্সপ্রেশন’।
‘লেডিস কাম ফ্লাইং’ প্রদর্শনীর একটি ছবি
চার দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
এদিকে সন্ধ্যায় গ্যালারি কসমসে রুশ চিত্রশিল্পী সার্জে রাজ্যিকের ‘লেডিস কাম ফ্লাইং’ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটভ।
মানসিক ওদার্যগুলো রাজ্যিক ‘জাজ’ স্টাইলে তুলে আনেন তার ক্যানভাসে। তার ক্যানভাসে মূর্ত হয় অধিবাস্তববাদ। রোমান্টিকতার সমন্বয়ে দর্শনকে তিনি উপস্থাপন করেছেন নতুন এক আঙ্গিকে।
‘লেডিস কাম ফ্লাইং’ প্রদর্শনীর একটি ছবি
র্যা জ্যিক মস্কোতে অবস্থিত পেইনটিং স্কুল ‘সানি স্কয়ার’ এর প্রধান ও প্রতিষ্ঠাতা। তিনি রাশিয়া, ভারত, লুক্সেমবার্গ, ফ্রান্স ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে প্রায় ৩০টি একক চিত্র প্রদর্শনী করেছেন।
বাংলাদেশে রাশিয়ান ফেডারেশন দূতাবাসের সহযোগিতায় এ প্রদর্শনীতে মোট ২৮টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে ১৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
