২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু আলিফ হত‌্যা: জামিন নাকচ, মা শায়লা কারাগারে

প্রায় নয় বছর আগে রাজধানীর গুলশান এলাকায় তিন বছরের শিশু আলিফের মৃত‌্যুর ঘটনায় দায়ের করা হত‌্যা মামলায় তার মা শায়লা শারমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 10:18 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

শায়লা রোববার লন্ডন থেকে আসার পরপরই হজরত শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হন। সোমবার তাকে আদালতে নেয় পুলিশ।

শায়লা (৩১) জামিনের আবেদন জানালে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ শাহনাজ সুলতানা।

আলিফ হত‌্যামামলার বিচার চলছে আদালতে। শায়লা এর আগে মামলায় জামিন নিয়েছিলেন।

জামিন নিয়ে এতদিন পলাতক থাকার কারণে জামিনের শর্ত ভঙ্গ হয়েছে উল্লেখ করে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

বাদীর আইনজীবী প্রাণ নাথ সাংবাদিকদের বলেন, “বাদীর আপত্তি নেই জানিয়ে আদালতকে ভুল বুঝিয়ে আসামির জামিন নেওয়া হয়েছিল। আদালত ধার্য তারিখ পর্যন্ত এ আসামির জামিন মঞ্জুরও করেছিল।

“কিন্তু আসামি ধার্য তারিখে হাজির না হয়ে বার বার আইনজীবীর মাধ্যমে বার বার সময় চাইতে থাকেন। তখন আদালত জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিল।”

শায়লার স্বামী গুলশানের অ‌্যাবাকাস রেস্তোরাঁর মালিক মো. সামির হোসেন। বিয়ের পরের বছর ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর তাদের প্রথম সন্তান আলিফের জন্ম হয়।

স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত‌্য কলহ চলার মধ‌্যে ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর শায়লা ও আলিফকে গুলশানের বাড়ির শয়নকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে শিশু আলিফকে মৃত ঘোষণা করা হয়; শায়লা চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।

ওই ঘটনায় শায়লার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বাদী হয়ে জামাতা সামির হোসেন, সামিরের মা মনোয়ারা বেগম, শামীম হোসেন হীরা এবং বোন শামীম আরা টুকুর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, হত‌্যার উদ্দেশ‌্যে শায়লা ও তার ছেলে আলিফকে বিষ খাওয়ানো হয়েছিল।

কিন্তু পুলিশি তদন্তের এক পর্যায়ে শায়লা স্বীকার করেন, আত্মহত্যার জন্য নিজে ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি,  এবং সন্তানকেও তা খাইয়েছিলেন।

ওই স্বীকারোক্তির ভিত্তিতে প্রথমে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রওনকুল হক চৌধুরী এই হত‌্যামামলায় শায়লাকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দেন।

তাতে বাদী শায়লার বাবা নারাজি দিলে ডিবির অতিরিক্ত উপ কমিশনার মাহফুজুল ইসলাম আবারও শায়লাকে আসামি করে ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর পুনরায় অভিযোপত্র দেন।

এরপর শায়লার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। একই সঙ্গে সামিরসহ এজাহারের অন‌্য আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।