‘সাগরে ডুবে যাওয়া কোস্টার উদ্ধারে সরকারের ভূমিকা দায়িত্বহীন’
কয়লা নিয়ে মংলা বন্দর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি আইজগাঁতির উদ্ধারকাজে সরকারের ভূমিকা ‘দায়িত্বহীন’ বলে মন্তব্য করেছেন আনু মুহাম্মদ।
সোমবার রাজধানীর পুরানা পল্টন মুক্তি ভবনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
তিনি বলেন, “কয়লা ডুবেছে আবার, ১০০০ টনের কয়লা। লঞ্চ ডুবেছে সুন্দরবনের পাশে। সরকারের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে, সরকার সুন্দরবন সম্পর্কে কি রকম দায়িত্বহীন। এখন পর্যন্ত কোনো উদ্ধারকাজ শুরু হয়নি।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষক আরও বলেন, “আগে যখন ৫০০ টনের জাহাজ ডুবেছিল তখন আমরা দেখেছি সরকারের উদ্ধার করার কোনো আগ্রহ নেই।
“সামগ্রিক ক্ষতি কমানোর জন্য কিংবা জাহাজ যাতে না ডুবে সে ব্যবস্থা নেওয়ায় সরকারের কোনো উদ্যোগ নেই। তারচেয়ে সরকার মনে হয় হাফ ছেড়ে বাঁচে যে, এভাবে জাহাজ ডুবে-টুবে সুন্দরবন যদি আগেই শেষ হয়ে যায় তাহলে তারা দায় থেকে পার পেতে পারে।”
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টায় মংলা বন্দর চ্যানেলের ফেয়ারওয়ে বয়া এলাকায় বঙ্গোপসাগরে স্রোতের কবলে পড়ে কয়লাবোঝাই কার্গো জাহাজ এমভি আইজগাঁতি ডুবে যায়।
জাহাজটির উদ্ধারকাজে সরকারের প্রতিক্রিয়াকে দায়সারা দাবি করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি হলে ভবিষ্যৎ দুর্ঘটনা সরকার কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অধ্যাপক আনু মুহাম্মদ।
“যেখানে তারা একটি জাহাজ উদ্ধার করতে পারছে না, সেখানে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার টন কয়লার জাহাজ যাবে সুন্দরবনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। আমরা যে কোনো বোধসম্পন্ন মানুষ বুঝতেই পারি যে এটা কেমন বিপদের ঝুঁকি তৈরি করবে।”
আনু মুহাম্মদ সরকারকে “একগুঁয়ে” ও “স্বার্থপর” হিসেবে আখ্যায়িত করে বলেন, “রামপাল প্রকল্প বাতিলের জন্য আমরা সরকারকে ২৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলাম। এটা যদি না হয় আমাদের হরতালে যেতে হবে।
“সরকার কোনো দায় নেবে না। রামপাল হোক, রূপপুর হোক, যা হবে সমস্ত দায় শুধু এখনকার প্রজন্মকে বহন করতে হবে। তাই তাদেরই এখন সামনে এগিয়ে আসতে হবে।”
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে ২৬ জানুয়ারি সারা দেশে হরতাল পালনের কর্মসূচিতে দেশের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান আনু মুহাম্মদ।
“আমি ধারণা করি ও নিশ্চিতভাবে বিশ্বাস করি, এটি একটি আলাদা হরতাল হবে যেখানে মানুষ স্বতঃস্ফুর্তভাবে তার গাড়ি, চলাচল ও কাজ বন্ধ করে দেশ ও সমষ্টির পাশে এসে দাঁড়াবেন।”
‘উন্নয়ন ও পরিবেশ: সুন্দরবন, রূপপুর এবং জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী পদার্থবিদ ড. দীপেন ভট্টাচার্য, ভূতত্ত্ববিদ ড. খালেকুজ্জামান ছাড়াও অন্যান্য শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
