২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাওলিন আর যন্ত্রসংগীতে মুগ্ধতা ছড়াল হেনান আর্ট ট্রুপ

চীনের হেনান প্রদেশ থেকে আসা হেনান আর্ট ট্রুপের একঝাঁক শিল্পী সাওলিনের কসরত আর লোকজ সংগীতের ধুনে মুগ্ধতা ছড়ালেন ঢাকার শিল্পকলা একাডেমিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2017, 12:55 AM

Updated : 11 Oct 2022, 01:21 PM

রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখা যায় হেনান আর্ট ট্রুপের মনোমুগ্ধকর সব কলাকৌশল।

বাংলাদেশ ও চীনের মধ্যে ‘বন্ধুত্ব ও বিনিময়ের বছর’ উদযাপনে সাংস্কৃতিক বিনিময়ের প্রথম কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছেন হেনান আর্ট ট্রুপের ৩৫ জন শিল্পী।

পরিবেশনার শুরুতে নৃত্যের ছন্দে তুলে আনা হয় চীনের বিভিন্ন ঐতিহ্য। এসময় মঞ্চে থাকা বিশালাকৃতির এলইডি মনিটরে ভেসে ওঠে চীনের ঐতিহ্যবাহী নানা স্থাপনার আলোকচিত্র।

তারা পরিবেশন করেন ‘সাওলিন’, যা ‘কুংফু’ নামেই বেশি পরিচিত। হেনান প্রদেশ থেকে সাওলিনের উৎপত্তি বলে জানান শিল্পীরা।

এরপর ভায়োলিন সদৃশ চীনা লোক বাদ্যযন্ত্রের পরিবেশনার শুরুতেই বেজে ওঠে চীনের লোকজ গানের সুর।পরিবেশনার শেষ পর্যায়ে যন্ত্রে উঠে আসে ঘোড়ার হ্রেসাধ্বনি।

চীনা শিল্পীরা পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’ গানটি।

এরপর দলটির নারী সদস্যরা পরিবেশন করেন অ্যাক্রোবেটিক শো। শারীরিক কসরতের নানা ভঙ্গিতে তারা মুগ্ধ করেন দর্শকদের।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অন্যদের মধ্যে সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, ঢাকায় চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াং সিচাও এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত ছিলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব দীর্ঘদিনের। আমরা সেই বন্ধুত্ব ও চীনা নববর্ষকে একযোগে উদযাপন করছি।”

তিনি জানান, দুই দেশের সরকার প্রধানের স্বাক্ষরিত ইশতেহার অনুযায়ী বাংলাদেশ ও চীনের সংস্কৃতি মন্ত্রণালয় বছরব্যাপী নানা কর্মসূচি নেবে। ‘শিগগিরই’ বাংলাদেশের একটি সাংস্কৃতিক দল চীন সফর করবে।

চীনা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি এদিন রাজধানীতে চলচ্চিত্র বিষয়ক সেমিনার এবং প্রয়াত সাংবাদিক-সাহিত্যিক-রাজনীতিক রণেশ দাশগুপ্তকে স্মরণ করা হয়।

সাংবাদিক ও সঙ্গীতশিল্পী ইসমত জেরিন স্মিতার ‘নায়করাজ রাজ্জাক; জীবন ও কর্ম’ গবেষণা কর্মের ওপর দুপুরে সেমিনার হয় শাহবাগের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ বেতার ট্রান্সমিশন সার্ভিস ভবনের প্রজেকশন হলে।

ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক রহিম নওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক রহমত আলী ও চলচ্চিত্র গবেষক চিন্ময় মুৎসুদ্দি।

ইসমত জেরিন গবেষণা প্রতিবেদনটি উপস্থাপনের পর পর্দায় রাজ্জাকের উপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

থিয়েটার থেকে রূপালি পর্দায়, এরপর নায়ক থেকে ‘নায়করাজ’ সবই তুলে ধরার চেষ্টা রয়েছে এ গবেষণায়। তার জীবনের পরতে পরতে যে উত্থান ঘটেছে তারই সন্নিবেশ ঘটানো হয়েছে এতে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র, গণ ও লোকসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। ‘কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো’, ‘আমরা পূবে-পশ্চিমে, আকাশে-বিদ্যুতে’, ‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই’ প্রভৃতি গান গেয়ে শোনান তারা।

এরপর উদীচীর ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এ পর্বে রণেশ দাশগুপ্তের জীবন-সংগ্রাম, সাহিত্য চেতনা এবং তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন,  অধ্যাপক এম এ আজিজ মিয়া  এবং গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু।

আলোচনা সভার পর ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের নৃত্যশিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন সরদার আব্দুল করিম, মিজানুর রহমান সুমন ও আশুতোষ রুদ্র।

রণেশ দাশগুপ্তের জন্ম ১৯১২ সালের ১৫ জানুয়ারি ভারতের আসাম রাজ্যের ডিব্রুগড়ে। একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী, সংগ্রামী সত্যেন সেনসহ কয়েকজন প্রগতিশীলের প্রচেষ্টায় উদীচী শিল্পীগোষ্ঠী গড়ে তোলার পেছনে অন্যতম ভূমিকা রাখেন রণেশ দাশগুপ্ত।

১৯৯৭ সালের ৪ নভেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

‘বাংলা সিনেমার বিশ্ব যাত্রা’ শীর্ষক মুক্ত আলোচনা

‘বাংলা সিনেমার বিশ্ব যাত্রা’ নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজে হয়ে গেল আন্তর্জাতিক সম্মেলন। ইন্টারন্যাশনাল ইমারজিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ) এবং ইন্টরন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের যৌথ অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে উৎসবের চতুর্থ দিন এই আয়োজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক এ্যালেনথেশিয়ান, আইইএফটিএর সভাপতি মার্কো এ ওরসিনি, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন রাজু, একাত্তর টেলিভিশনের সিইও ও চলচ্চিত্র পরিচালক সামিয়া জামান, পরিচালক তৌকির আহমেদ, পরিচালক আবু সাঈদ, কানাডার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শরিফ আস-সাবেরসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের নতুন চলচ্চিত্র পরিচালকরা উপস্থিত ছিলেন।

মার্কো তার বক্তব্যে বাংলাদেশি পরিচালকদের বিশ্ব বাজারে ফিল্ম প্রদর্শন এবং অর্থ উপার্জনের উপায় সম্পর্কে জানান।

জাকির হোসেন রাজু বলেন, “চলচ্চিত্র নিয়ে অসংখ্য চিন্তা ও উদ্যোগ রয়েছে। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশীয় চলচ্চিত্র আন্তর্জাতিক পরিচিতি ও মার্কেট পাবে।”