আখেরি মোনাজাতে শামিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নিজ সরকারি বাসভবনে বসে স্বজনদের সঙ্গে নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।
রোববার বেলা ১১টার পর টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাত শুরু হয়, মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মারকাজের শূরা সদস্য মাওলানা মুহাম্মদ সাদ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মোনাজাতে অংশ নেন।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন। নিকট আত্মীয়দের কয়েকজন এবং দলের নেতাদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন সেখানে ছিলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মোনাজাতে অংশ নেন তার গুলশানের বাসা থেকে। ইজতেমা ময়দানে নারীদের যাওয়ার অনুমতি না থাকায় বাইরে বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়ে অনেকেই মোনাজাতে শামিল হন।
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কীরণ ও গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ পুলিশ কন্ট্রোল রুমে বসে আখেরি মোনাজাতে শামিল হন।
দেশ ও জাতির কল্যাণ কামনায় এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিশ্ব ইজতেমায় প্রথম পর্ব। ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমার মধ্য দিয়ে বিশ্ব তাবলিগ জামাতের এই বার্ষিক সম্মিলন শেষ হবে।
