৩১তম বিসিএস ক্যাডারদের চার বছরপূর্তি উদযাপন
চাকরিতে যোগদানের চার বছরপূর্তি উদযাপন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
শনিবার বিকাল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম কেক কাটার মাধ্যমে চার বছরপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে অনুষ্ঠানের আলোচনা পর্বে বঙ্গবন্ধুর নেতৃত্বের গুণাবলি অন্তরে ধারণ করে জনগণের সেবা করে যাওয়ার জন্য সরকারি চাকরিতে চার বছর পার ৩১তম বিসিএসের ক্যাডার কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান এবং প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ কর্মকর্তাদের উদ্দেশে মোজাম্মেল হক খান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য ডিজিটাল বাংলাদেশের কোনো বিকল্প নেই । সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ অফিসারদের তথ্য প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক আরেফিন সিদ্দিকও বর্তমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মের পেশাগত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অতিথিরা ৩১তম বিসিএস ক্যাডারের পাঁচ কর্মকর্তার পাঁচটি বই এবং ক্যাডার অ্যাসোসিয়েশন প্রকাশিত স্যুভিনিরের মোড়ক উন্মোচন করেন।
প্রকাশিত স্যুভিনিরে বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো সর্বাধিক কর্মকর্তার তথ্য সংযোজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এতে বলা হয়, মোড়ক উন্মোচন হওয়া বইয়ের মধ্যে চারটি কাব্যগ্রন্থ ও একটি উপন্যাস।
কর্মকর্তাদের লেখা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, আল-হাদীর ‘দ্বিতীয় সময়’, নাজমা পারভিনের ‘অদ্ভুত এইসব হালচাল’, কামরুজ্জামান কামরুলের ‘একলা শালিক’ এবং জাহাঙ্গির কবির জুয়েলের ‘মোহমায়া’।
আর মোড়ক উন্মোচন হওয়া উপন্যাস ‘ফ্যান্টাসি’র লেখক ওয়াদুদ খান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাডারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
