২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতির ‘বিপরীতযাত্রা’ রোধে সহযোগিতা চান মন্ত্রী

শহরে এখন গ্রামের মেলা জমছে, অন্যদিকে বন্ধ হয়ে গেছে গ্রামের মেলা- এমন আক্ষেপ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 12:07 AM

Updated : 11 Oct 2022, 01:20 PM

শুক্রবার সকালে সুরের ধারা আয়োজিত দুই দিনব্যাপী পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর কথায় এই আক্ষেপ দেখা যায়।

আসাদুজ্জামান নূর বলেন, ‍“বাঙ্গালিদের বারো মাসে তেরো পার্বন ছিল, তবে এখন আর সেই দাবিটা করা যাচ্ছে না। এখন গ্রামের মেলা শহরে উঠে এসেছে। আর গ্রামের মেলা বন্ধ হয়ে গেছে।

“এটি আমাদের জন্য একটি সমস্যাই বটে। একদিকে যেমন শহরের মানুষ গ্রামের মেলা নিয়ে আগ্রহী হয়ে উঠছে, সেটি যেমন ভাল দিক; কিন্তু নানা কারণে গ্রামের মানুষ মেলা ভুলতে বসেছে।”

গ্রামের মানুষের মধ্য থেকে মেলা হারিয়ে যেতে বসার জন্য অর্থনৈতিক সমস্যার পাশাপাশি সামাজিক, এমনকি কোনো কোনো ক্ষেত্রে রক্ষণশীল মনোভাবকে দায়ী করছেন সংস্কৃতিমন্ত্রী।

তিনি বলেন, ‍“সবকিছু মিলিয়েই একটি সমস্যা দেখা গেছে। এটি আমাদের সংস্কৃতির বড় সমস্যা। আমরা এখন চেষ্টা করছি ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে এটিকে (মেলা) বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে। কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হচ্ছি, কিন্তু দেশটাতো অনেক বড়। ১৬ কোটি মানুষকে ঋদ্ধ করা একটু কঠিন।”

এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন এক সময়ের নাট্যাভিনেতা নূর।

রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল প্রাঙ্গণে এবার তৃতীয়বারের মতো পৌষ মেলার আয়োজন করছে সুরের ধারা। এর আগে ২০১৫ সালে প্রথমবার ‘সুরের ধারা পৌষ উৎসব’ এর আয়োজন করে।

এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়ে আসাদুজ্জামান নূর বলেন, “আমরা সবাই গান গাই না, কবিতা লিখি না, ছবি আঁকি না; কিন্তু আমরা সবাই গান শুনি, কবিতা পড়ি, ছবির প্রদর্শনীতে ছবি দেখি। এ সংখ্যাটা যতই বাড়ানো যাবে ততই মঙ্গল।

“সবার মধ্যে শিল্পের সাধ গ্রহণ করার মানসিকতা থাকে এবং এটি গড়ে তোলাটাই আমাদের কাজ। বিশেষ করে আমাদের সন্তানদের মধ্যে, শিশুদের মধ্যে।”

মন্ত্রী বলেন, “ভবিষ্যত প্রজন্মের মধ্যে শিল্পের প্রতি ভালবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে। এটি সবচেয়ে বড় কাজ।”

পৌষ মেলার আয়োজনের বিষয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, “এ আয়োজন আনন্দময় হয়ে উঠুক, এ আনন্দ হৃদয়কে ছুঁয়ে যাক। সবার হৃদয় উদার হোক। মুক্ত চিন্তার অধিকারী হোক; সেখানে যেন সংকীর্ণতা, রক্ষণশীলতা, ধর্মান্ধতা, উগ্রতা স্পর্শ না করে।”

তিনি আরও বলেন, “শিক্ষার সাথে আগে সংস্কৃতি চর্চার একটা সম্পর্ক ছিল। এখন সেদিক থেকে অনেকটাই পিছিয়ে আছি আমরা।”

বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানের প্রথম অধিবেশনে ছিল সুরের ধারার দলীয় সঙ্গীত ও লোকজ যন্ত্রসঙ্গীত পরিবেশন। 'ফিরে চল মাটির টানে' ও 'মাটি তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয়' গান দুটি সমবেতভাবে পরিবেশন করে সুরের ধারার শিল্পীরা।

মেলার আয়োজনের বিষয়ে সুরের ধারার পরিচালক ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, “আমরা পৌষ মেলা বলতেই বুঝি শান্তি নিকেতনের পৌষ মেলা। শান্তিনিকেতনের সেই আমেজটা আনা না গেলেও, শান্তি নিকেতনের ছোটখাটো একটি ছবি তৈরি করার চেষ্টা করেছি আমরা।”

মেলার আমেজটি যেন সবার মাঝে সারাবছর থাকে সে প্রত্যাশা করেন তিনি।

বিকাল সাড়ে ৫টায় মেলার দ্বিতীয় অধিবেশন শুরু হবে। ওই অধিবেশনে পুতুল নাচ, সঙ্গীত, নাটক ও যাত্রার আয়োজন থাকবে।

মেলার শেষদিন শনিবার থাকবে একক ও দলীয় সঙ্গীত, যাত্রা, নাটক, লোকসঙ্গীত ও নৃত্যনাট্য।

এদিকে মেলা প্রাঙ্গনে বসেছে পিঠা, কারুশিল্প, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, বস্ত্রশিল্পসহ নানা রকমের দোকান।

এছাড়াও রয়েছে বায়োস্কোপ, নাগরদোলাসহ আকর্ষণীয় নানা আয়োজন। তবে দর্শনার্থীদের আকর্ষণ ছিল খাবারের দোকানে। দুধ চিতই, পুলি পিঠা, পাটিসাপটা, গোলাপ পিঠা, পাকান পিঠা, নকশী পিঠাসহ হরেক রকম পিঠায় আগ্রহ দেখা গেছে নানাবয়সী মানুষের। পাশাপাশি নাড়ু, ফিন্নি, লুচির স্বাদও ঝালিয়ে নিয়েছেন অনেকে।