‘পৃথিবীতে নারীর পদাঙ্ক এখন পুরুষের সমান’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রাজধানীর ছয়টি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি উৎসব কেন্দ্রিক বিভিন্ন আয়োজনে ঘিরে ছুটির দিনে মুখর দেখা গেছে রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন।
এর মধ্যে শিল্পকলা একাডেমিতে দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন এই মুখরতায় দিয়েছে বাড়তি মাত্রা।
চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার শুরু হয়েছে ‘চলচ্চিত্রে নারী’ শীর্ষক তৃতীয় ঢাকা আন্তর্জাতিক সম্মেলন, যাতে বিপুল সংখ্যক নারী নির্মাতা ও চলচ্চিত্র কর্মীর অংশগ্রহণ দেখা যায়।
রাজধানীর আঁলিয়সঁ ফ্রঁসেজে এই সম্মেলনের উদ্বোধন করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “এ আয়োজনে অসংখ্য মেয়েদের দেখে আমি উল্লসিত। চলচ্চিত্রে নারীদের দেখানোর বিষয়বস্তুর উন্নয়ন করতে হবে।’
সম্মেলনে নারী চলচ্চিত্র নির্মাতা ও কর্মীদের ব্যাপকভিত্তিক অংশগ্রহণ দেখে এক তুর্কি চলচ্চিত্র সমালোচকও উচ্ছ্বাস প্রকাশ করেন।
তুর্কি চলচ্চিত্র সমালোচক অ্যালিন তাসকিন বলেন, “এখানে এতো নারী চলচ্চিত্র নির্মাতা ও কর্মী দেখে আমি আপ্লুত। সত্যিই পৃথিবীতে নারীর পদাঙ্ক এখন পুরুষের সমান। নারীরা বিশ্ব পরিবর্তনে এখন পুরুষের সাথে সমান তালে এগিয়ে যাবে।”
সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার বিভাগের সহকারী অধ্যাপক উম্মে বুশরা সুলতানা, সহযোগী অধ্যাপক সৈয়দ শেখ ইমতিয়াজ, ইতিহাস বিভাগের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মতা সামিয়া জামান বক্তব্য রাখেন।
শনিবার সম্মেলনের শেষ দিনে যুক্তরাজ্যের চলচ্চিত্র অভিনেত্রী ক্লোয়ার হুইসেল, ড. ফাহমিদা ইয়াসমিন, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মহুয়া চক্রবর্তী ও চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- এ প্রতিপাদ্যে রাজধানীর ছয়টি ভেন্যুতে একযোগে শুক্রবার শুরু হয় পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, আমেরিকান কালচারাল সেন্টার, বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সসহ মোট ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে উৎসবের চলচ্চিত্রগুলো।
‘শিল্প কথা, শিল্পী কথা’ বইয়ের প্রকাশনা উৎসব হয় শিল্পকলা একাডেমিতে
‘শিল্প কথা, শিল্পী কথা’-র প্রকাশনা
বাঙালি ও বাংলাদেশের কৃষ্টি-কালচার ও চিত্রকলা নিয়ে আবুল মনসুরের চার দশকের সমালোচনার সংকলন ‘শিল্প কথা, শিল্পী কথা’।
শিল্পকলার তুলনামূলক আলোচনা নিয়ে শুক্রবার প্রকাশ করা হয়েছে এই গবেষণাগ্রন্থ।
বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসেছিলেন শিল্পী রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, শিল্প-সমালোচক মঈনুদ্দীন খালেদ।
দৃশ্যকলার রূপভাবনা ও বাস্তব রূপনির্মাণে বিবর্তনের ধারণা ও শিল্পকর্মের প্রাসঙ্গিক সৃষ্টিকর্ম নিয়ে নানা বিষয় সংকলিত হয়েছে এই বইয়ে।
সত্তরের দশক থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিন, প্রদর্শনীর ক্যাটালগ, শিল্পীদের উপর প্রদর্শিত মনোগ্রাফ, দুই শতাধিক নিবন্ধ থেকে সংকলিত হয়েছে শিল্প-সমালোচনাগুলো। বইয়ের শেষে কিংবদন্তি শিল্পীদের বেশকটি চিত্রকর্ম যুক্ত করেছেন আবুল মনসুর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের উদ্যোগে প্রকাশিত ৪৯৪ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
‘চলচ্চিত্রের সাথে বোঝাপড়া’র প্রকাশনা উৎসব
চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন রচিত চলচ্চিত্রগ্রন্থ ‘চলচ্চিত্রের সাথে বোঝাপড়া’র প্রকাশনা উৎসব হয়েছে।
শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে করা হয় বইটির মোড়ক উন্মোচন, যাতে অতিথি ছিলেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, কথাসাহিত্যিক আহমাদ মাযহার, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক এবং গ্রন্থটির প্রকাশনা সংস্থা ‘কথাপ্রকাশ’র স্বত্বাধিকারী জসিম উদ্দিন।
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে মুক্তির খোঁজ, চলচ্চিত্র সংসদ আন্দোলনের ত্রি-কালের অভিমুখসহ জহির রায়হান, বাদল রহমান, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল ও মোরশেদুল ইসলামের কাজের, চিন্তার এবং তৎপরতার সমালোচনামুখর আলোচনা রয়েছে বইটিতে।
মামুন বলেন, “চলচ্চিত্র-সংস্কৃতির সঙ্গে বোঝাপড়ার এই ব্যক্তিক প্রয়াস বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতিকেই ধারণ করতে সক্ষম হবে।”
