‘বিশৃঙ্খলায়ও উন্নতি করতে শিখেছে বাংলাদেশ’
অনেক ধরনের সমস্যা থাকলেও সেগুলোকে ঘিরেই উন্নতি লাভের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
শুক্রবার এক অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উদ্দেশে রাজধানী ঢাকার যানজটের বিশৃঙ্খলার কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ১১ ভাগ। যদিও বিশ্বব্যাংক এটাকে সর্বোচ্চ ৬ দশমিক ৮ এর মধ্যে প্রক্ষেপণ করে। তারপরও তারা বলে এটা কী করে সম্ভব হবে!
“আমরা বিশৃঙ্খলার মধ্যেও উন্নতিলাভ করতে শিখেছি। আপনারা ঘুরে দেখুন, সেটা বুঝতে পারবেন।”
সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই) একীভূত শিক্ষা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।
তুরাগ তীরের বিশ্ব এজতেমায় ‘সংগঠিত বিশৃঙ্খলা’ হলেও সেখানে ‘শান্তিময় পরিবেশ বিরাজ’ করে
তিনি বলেন, “সারাদেশ ও পৃথিবীর নানাপ্রান্ত থেকে কয়েক লাখ মানুষ সেখানে জড়ো হয়। কারও কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেয় না। নিজেদের সব কাজ নিজেরা করে। বিভিন্ন গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে তাদের বয়ান চলে। অনেকের উপস্থিতি, কিন্তু কারও কোনো অভিযোগ সেখানে নেই।”
প্রতিবন্ধীদেরকে সবকাজে একীভূত করার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, “বিশেষ মানুষদের জন্য বিশেষ কিছু করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। এমন কিছু মানুষের জন্য জড়ো হয়েছি, যাদেরকে আগে গণনায় আনা হতো না। তবে কেবল শিক্ষায় নয়, জীবনের সকল ক্ষেত্রে তাদের সেই একীভূতকরণটা জরুরি।”
অনুষ্ঠানে তিনদিনের সম্মেলনের কার্যক্রম তুলে ধরে প্রস্তুতি কমিটির আহ্বায়ক তারেক আহসান বলেন, “প্রতিবন্ধীদের মূলধারার শিক্ষায় একীভূতকরণের কার্যক্রম কীভাবে সম্পন্ন হবে, সেটার রূপরেখা ঠিক করতে আমরা এখানে জড়ো হয়েছি। এজন্য শিক্ষার যে পদ্ধতি আছে, সেটাতে কিছুটা পরিবর্তন আনতে হবে।”
১১ দেশের প্রায় ৩০০ প্রতিনিধির অংশগ্রহণে এ সম্মেলনে শিক্ষার মৌলিক তিনটি ধাপের সবগুলোর উপর ৭৮টি প্রেজেন্টেশন হয়েছে বলে জানান তিনি।
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উমেশ শর্মার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম বক্তব্য দেন।
নামি অ্যাওয়ার্ড পেলেন মনসুর আহমেদ চৌধুরী
সমাপনী অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় এবং সুরক্ষার কাজে অবদান রাখায় মানবাধিকারকর্মী মনসুর আহমেদ চৌধুরীর হাতে ‘নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন(নামি) অ্যাওয়ার্ড ২০১৭’ তুলে দেওয়া হয়।
সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারানো মনসুর আহমেদ বিভিন্ন উন্নয়ন সংস্থার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের অধিকার রক্ষায় কাজ করেন।
পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, “আমরা যে একীভূতকরণের বিষয়ে চিন্তা করছি, কথা বলছি, এ পর্যায়ে আসতে অনেক সময় লেগেছে। যেগুলো বলছি, সেগুলোর বাস্তবায়নেও সময় লাগবে অনেক।”
১৯৫৭ সালে সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারানো এই অ্যাওয়ার্ডজয়ী স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে চাকরি জীবনে গিয়েও নানা রকম অবহেলার শিকার হয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।
তবে এখন পরিস্থিতির পরিবর্তন তাকে আশাবাদী করছে জানিয়ে মনসুর আহমেদ বলেন, “প্রতিবেশী, শিক্ষক, প্রশাসনের লোক এবং বিভিন্ন সময়ে সহকর্মীদের কাছ থেকে অবহেলার শিকার হতে হয়েছে। যদিও আমরা এখন সফলতার সঙ্গে সে পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছি। প্রতিবন্ধীদের জন্য সরকারের শক্তিশালী অঙ্গীকারও এখন রয়েছে।”
