রাজধানীতে স্বামীর ছোড়া এসিডে ঝলসালেন স্ত্রী
রাজধানীর পূর্ব নাখালপাড়ায় এক ব্যক্তি এসিড ছুড়ে স্ত্রীকে ঝলসে দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
আহত আখলিমা আক্তারকে (৩২) শুক্রবার দুপুরে তার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান।
আখলিমার হাত, পেট ও মুখমণ্ডল ঝলসে গেছে।
আখলিমার ভাই রমজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোনের স্বামী কুদ্দুস আগে মালয়েশিয়ায় থাকতেন। সাত মাস আগে দেশে ফেরেন তিনি। এরপর কোনো কাজকর্ম করেন না, মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
“দুপুরে সে বোনের কাছে নেশার টাকা চায়। টাকা না দেওয়ায় আখলিমাকে এসিড ছুড়ে পালিয়ে যায়।”
কুদ্দুস প্রায়ই তার বোনের কাছে টাকা চাইতেন এবং তা না পেলে মারধর করতেন বলে অভিযোগ রমজানের।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব নাখালপাড়ার ২৩৮/ডি নম্বর বাড়ির দোতলায় স্বামী-সন্তানদের নিয়ে থাকেন আখলিমা।
স্বামী স্ত্রীকে সন্দেহ করতেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে এলাকাবাসী জানিয়েছে।
“দুপুরেও ঝগড়ার সময় এসিড ছুড়ে পালিয়ে যায় কুদ্দুস,” বলেন ওসি।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আখলিমার শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে।
কুদ্দুসের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়।
