২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদের ব‌্যস্ততায়, কেউ হয়ত বসে আছে রক্তের অপেক্ষায়’

চেনাজানা হয়ত নেই, কিন্তু জীবনের প্রয়োজনে তৈরি হচ্ছে রক্তের সম্পর্ক। একজনের বাষ্পরুদ্ধ কণ্ঠে যখন রক্তের জন‌্য আকুতি; চোখে জল নিয়ে অন‌্যজন বলছেন পাশে থাকার কথা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2017, 05:37 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

পুরনো খবর:

প্রাণের টানে রক্তদান

নিয়মিত রক্তদাতাদের সম্মাননা জানাতে শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। দেশের একজন শীর্ষ চিকিৎসকও সেখানে স্মরণ করেন রক্তের জন‌্য এক দাতার কাছে আজীবনের ঋণের কথা।

একুশ বছরের ছিপছিপে তরুণী নিলুফার ইয়াসমিন ভুগছেন থ্যালাসেমিয়ায়। আড়াই বছর বয়সে নিরাময় অযোগ‌্য এ ব‌্যধি ধরা পড়ার পর থেকে প্রতিমাসে রক্ত নিতে হয় তাকে। ২০০৫ সাল থেকে তিনি কোয়ান্টাম ল্যাব থেকে রক্ত পান।

সময়মত রক্ত না পেলে নানা সমস‌্যা মাথাচাড়া দিতে থাকে ইয়াসমিনের শরীরে। খেতে ইচ্ছে করে না, চোখ ঝাপসা হয়ে আসে, ঘুম ঘুম পায়। সেই সঙ্গে কখনও কখনও জ্বর, শ্বাসকষ্ট, শরীরজুড়ে ব্যথা। সে সময় শরীরের শক্তিও যেন নিঃশেষ হয়ে আসে।

আবেগে ভারী হয়ে আসা কাণ্ঠে রক্তদাতাদের উদ্দেশে ইয়াসমিন বলেন, “আমার বিনীত অনুরোধ, দয়া করে কখনো রক্তদান বন্ধ করবেন না। আপনারা রক্তদান বন্ধ করলে আমার মত হাজার হাজার থ্যালাসেমিয়া রোগীর কী হবে- ভাবা যায় না। এই দানের প্রতিদান দেবার ভাষা আমার জানা নেই।”

রবি ঠাকুরের কবিতা থেকে উদ্ধৃত করে এই তরুণী বলেন, “আপনারা যারা রক্ত দেবেন, তাদের দান ক্ষয়ে যাবে না।”

রক্তদাতাদের পক্ষ থেকে অনুভূতি জানাতে এসে রক্তদান নিয়ে নিজের জীবনের একটি ঘটনার কথা স্মরণ করেন সামিনা মুসতারিন।

২০০৪ সালের দিকে কোন এক সময়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের ল্যাবে গিয়ে ৫ থেকে ৮ বছর বয়সী দুটি ছেলেমেয়ের সঙ্গে তার দেখা হয়। দুই ভাই-বোন, দুজনেরই থ্যালাসেমিয়া; প্রতি মাসে রক্ত নিতে হয়।

“সেদিন ওরা রক্ত নিতে এসেছিল। অপেক্ষায় ঘণ্টা পেরোয়, রক্ত আর মেলে না। এক সময় কোয়ান্টামের কর্মকর্তারা তাদের জন্য চকলেট এনে দিলেন। মেয়েটি তা নিল না।

“আরও এক ঘণ্টা পর ছোট্ট মেয়েটা অধৈর্য‌্য হয়ে ওঠে। গুঁটি গুঁটি পায়ে গিয়ে কোয়ান্টামের কর্মকর্তাদের কাছে গিয়ে বলে, ‘ভাইয়া, আমাকে রক্ত দেবেন না?’”

সেই ঘটনার কথা বলতে বলতে সামিনার চোখ দিয়েও অশ্রু গড়িয়ে পড়ে।

“এতটুকু মেয়ে, চকলেট নেবে না, রক্ত নেবে। রক্ত না হলে সে বাঁচবে না। রক্ত পেলে আবার সে দৌড়ে বেড়াবে, হাসবে, খেলবে।

‘‘আমার খুব মায়া লাগছিল, একটা ছোট্ট মেয়ে বসে আসে... কখন আমি আপনি রক্ত দেব আর তারা সেই রক্ত পাবে...।”

সামিনা বলেন, “আমরা যারা সুস্থ আছি, তারা নিয়মিত রক্ত দেই না। হয়ত মনে করি, আজ পরীক্ষা, পরশু অফিসের অ্যাসাইনমেন্ট, দুদিন পরই যাব।

“আমাদের হাজার ব্যস্ততার মাঝে অনেক শিশুর মা-বাবা বসে আছে এক ব্যাগ রক্তের জন্য। হয়ত তাদের আর সব কিছুই আছে। দরকার কেবল রক্তের। রক্তই যদি না থাকে, পরের দিন তাদের সন্তানকে হাসিমুখে আমরা দেখতে পাব না। সুস্থদের উচিত, তাদের প্রতি হাতটা বাড়িয়ে দেওয়া।”

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

রক্তের জন‌্য এই সঙ্কট হতে পারে শ্রেণি-পেশা নির্বিশেষে সবার। একজন রক্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরও যে রক্তের প্রয়োজন হতে পারে, আর সেই রক্তের জন‌্য তার চিকিৎসক স্বামীকে কতোটা ছুটোছুটি করতে হতে পারে- সেই গল্প শোনালেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান।

অধ্যাপক কামরুলের স্ত্রী অধ্যাপক মাসুদা বেগম একই বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের চেয়ারপারসন। নব্বইয়ের দশকে এই বঙ্গবন্ধু মেডিকেল পরিচিত ছিল পিজি হাসপাতাল নামে। 

বিএমএ নির্বাচনে যুগ্ম সম্পাদক পদের প্রার্থী হওয়া ডা. কামরুল তখন প্রচার নিয়ে দারুণ ব‌্যস্ত। এরই মধ‌্যে এক সকালে স্ত্রী জানালেন, পেটের ব্যথায় তিনি ঘুমাতে পারেননি সারা রাত।

সকালে পঙ্গু হাসপাতালে গিয়ে প্রচার শেষ করে স্ত্রীকে নিয়ে পিজিতে গেলেন কামরুল। পরীক্ষায় জানা গেল, পেটে রক্ত জমেছে, চিকিৎসা নিতে হবে স্ত্রীরোগ বিভাগে।

লিফটে চড়ে স্ত্রীরোগ বিভাগে যাওয়ার সময়ই স্ত্রীরোগ বিশেষজ্ঞ সামিনা চৌধুরীর সঙ্গে দেখা। মাসুদার কাগজের মত সাদা চেহারা দেখেই রোগীর অবস্থা বুঝে ফেলেন সামিনা। সঙ্গে সঙ্গে কিছু ওষুধ লিখে নিয়ে আসতে বলেন; জানান রক্তও লাগবে।

কামরুল বলেন, “তখন আমি দিশেহারা। সঙ্গে কেউ নেই। ভাইকে ফোন করি। অন্য আত্মীয় স্বজনকেও টেলিফোন করে পাচ্ছি না। কেউ তাদের বাসায় নেই। একা একা এ সব ভাবতে ভাবতে অসহায় লাগতে থাকে। বুঝতে পারি না- কী করব।

“তখন কার্ডিওলজিস্ট সজল ব্যানার্জির সঙ্গে দেখা। সব শুনে রক্ত নিয়ে চিন্তা করতে নিষেধ করলেন, ওষুধ কিনে আনতে বললেন।”

ওষুধ নিয়ে এসে কামরুল হাসান খান দেখেন, তার স্ত্রীকে ততক্ষণে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

“অপারেশনের আগে দেখা হল না, ওই সময় খুব ভয় ভয় লাগছিল। আমি জানি, ভয়টা কী রকম। তখন দেখি সজল ব্যানার্জি তার নিজের রক্ত সংগ্রহ করে ব্যাগে ভরে নিজের হাতে করে নিয়ে এসেছেন। এই ঘটনা আমার জীবনে ভোলা সম্ভব নয়।”

বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য বলেন, সেদিন যদি সময়মত সজল ব্যানার্জির সেই সহযোগিতা না মিলত, স্ত্রীকে বাঁচানো কঠিন হয়ে যেত।

“বাঁচানো না গেলে কেবল তাকেই হারাতম না, আমি আজকের কামরুল হাসানও হতে পারতাম না।”

বলতে বলতে আরও পেছনে যান অধ‌্যাপক কামরুল। জানান, ছাত্রজীবন থেকেই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরিচালিত রক্ত সংগ্রহের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’তে সক্রিয় ছিলেন, তখন সন্ধানীই ছ্লি তার প্রেম।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৯৭৯ সালে সেই প্রেমের সূচনা। ওই বছরের কোনো এক দিন রমা সাহা নামে একজন ডাক্তার এক রিকশাওয়ালার স্ত্রীর জন্য ৪-৫ ব্যাগ রক্ত খুঁজছিলেন। সেই ডাক্তারের ডাকে সাড়া দিয়ে কয়েকজন বন্ধুসহ কামরুল ইসলাম রক্ত দিতে যান।

“যেদিন সেই রিকশাওয়ালার স্ত্রী বাড়ি ফিরে যাচ্ছেন, আমরা তাকে দেখতে গেলাম। আমাদের রক্তে একজন মানুষ নতুন জীবন পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা।”

এরপর বন্ধুরা মিলে সক্রিয় হন ময়মনসিংহ মেডিকেলের সন্ধানীতে। নিজে এখনও সন্ধানীর সঙ্গে থাকলেও এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে কোয়ান্টামের শক্তিশালী অবস্থানের প্রশংসা করেন উপাচার্য।

তিনি বলেন, “এখন কেউ যদি আমার কাছে রক্ত চায়, তাহলে সন্ধানীর কামরুল বলি, কোয়ান্টামে যান, রক্ত পাবেন।”

অধ‌্যাপক কামরুল বলেন, ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত সকল সুস্থ্য মানুষ রক্ত দিতে পারে। তিন মাস পরপর রক্ত দেওয়া যায়।

“এটি হচ্ছে চুল কাটার মত। যত রক্ত দেবেন, যেহেতু এটা অস্থি মজ্জায় বাড়ে, রক্ত দিলে সেটা তাই আরও সক্রিয় হয়। এমনিতেই রক্ত একটা সময় পরে মরে যায়।”

কৃত্রিম রক্ত তৈরির চেষ্টা হলেও তা এখনও সফল হয়নি জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজির এই অধ্যাপক বলেন, “রক্তের বিকল্প নেই। আমার মনে হয় ৮ থেকে ১০ লাখ ব‌্যাগ রক্ত হয়ত লাগে। মোটিভেটেড লোকের সংখ্যা এক কোটি। বছরে একবার রক্ত দিলেও হয়। তাহলেই পেশাদার রক্তদাতাদের উৎপাত কমে আসবে। বিশুদ্ধ রক্ত দরকার। নতুন নতুন রোগ হচ্ছে, তাই স্ক্রিনিং করতে হবে।”

স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্দেশে তিনি বলেন, “এখানে যারা রক্ত দেন, বিনিময়ে কিছু নেন না। এটা মহামানবের কাজ।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কোয়ান্টামের উপদেষ্টা ও বিএসএমএমইউর সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ারের প্রধান অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ বলেন, বছরে সারা দেশে ছয় লাখ ইউনিটের মত রক্ত প্রয়োজন হয়। এর মধ্যে এক লাখ ইউনিটের যোগান দেয় কোয়ান্টাম, একক সংগঠন বা প্রতিষ্ঠান হিসাবে যা সর্বোচ্চ।

কোয়ান্টামের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় ৬ লাখ ব্যাগ রক্তের বিপরীতে মাত্র ২৬ শতাংশ সংগ্রহ হয় স্বেচ্ছায় রক্তদাতাদের মাধ‌্যমে। বাকি ৭৪ শতাংশ রক্তের জন্য ছোটেন বন্ধু-স্বজনের কাছে। সেখানে ব্যর্থ হলে যান রক্ত বিক্রেতার কাছে।

অনেকে আত্মীয়দের রক্ত স্ক্রিনিং ছাড়াই নিতে চান, তা ঝুঁকিপূর্ণ বলে জানানো হয় কোয়ান্টামের পক্ষ থেকে। 

কোয়ান্টামের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে কমপক্ষে ১০ বার ও ২৫ বার রক্ত দেওয়া দুই শতাধিক ব‌্যক্তিকে সম্মাননা জানানো হয়।