সলিমুল্লাহর ইন্টার্নি ছাত্রাবাস থেকে দখলদারদের উচ্ছেদ
নবীন শিক্ষার্থীদের দলে ভেড়ানো নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইন্টার্নি ছাত্রাবাস থেকে অবৈধ দখলদাদের উচ্ছেদ করেছে প্রশাসন।
ইন্টার্নশিপ শেষ করে চিকিৎসক হয়েও দীর্ঘদিন ধরে অবস্থান করছেন এমন প্রায় ৯০টি কক্ষ দখলমুক্ত করা হয় বলে কলেজের অধ্যক্ষ বেল্লাল আলম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, চার তলা ইন্টার্নি হোস্টেলে দুইশর মতো কক্ষ আছে।
“দুই-তিন এমনকি পাঁচ-ছয় বছর আগে ইন্টার্নশিপ শেষ করে চিকিৎসক হয়েও ওই সব কক্ষ দখল করে রাখা হয়েছিল। এসব চিকিৎসক বিভিন্ন ক্লিনিক ও চেম্বারে চাকরি ও প্রাকটিস করছেন। অথচ কক্ষ দখল করে রেখেছে ইন্টার্নিদের।”
উচ্ছেদ হওয়া একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ৩৯তম ব্যাচের ইন্টার্নদের কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে।
“কিন্তু আমাদের কোনো সময় না দিয়ে আজই উচ্ছেদ করা হলো। এখন জিনিসপত্র নিয়ে কোথায় যাব আমরা। আর এত অল্প সময়ের মধ্যে কেউ তো আমাদের বাড়ি ভাড়াও দেবে না।’” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক।
ছাত্রাবাসটি হাসপাতালের পরিচালকের অধীন হলেও কলেজ অধ্যক্ষ পুলিশ দিয়ে কেন উচ্ছেদ করলেন, সেই প্রশ্ন তোলেন আরেকজন।
তিনি পাল্টা প্রশ্ন রাখেন, “ইন্টার্নশিপপ শেষে হওয়ার পর পাঁচ বছর কেন হোস্টেলের আসন দখল করে থাকতে হবে?
“আর যেহেতু উত্তেজন দিন দিন বাড়ছে। তাই দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না।”
সোমবার নবীন শিক্ষার্থীদের দলে ভেড়ানো নিয়ে কলেজ শাখার সভাপতি রাতুল শিকদার ও সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমারের অনুসারীদের মধ্যে মারামারিতে সোহেল পারভেজ ও মাহফুজুর রহমান নামের দুজন আহত হন।
