২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের পাহাড়-টিলা সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের

হবিগঞ্জ জেলার সব পাহাড় ও টিলা সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এর সঙ্গে তাদেরকে বিষয়টি নিয়মিত তদারক করারও নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 07:58 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট আবেদন যথাযথ (অ্যাবস্যুলেট) করে দেওয়া রায়ে এ নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়ার পাশাপাশি জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পাহাড় ও টিলা কাটা অবৈধ ঘোষণা করেছে।

২০১৫ সালের ২২ আগস্ট ‘পাহাড় কাটা থামছে না’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।

রিট আবেদনের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, দিনারপুরে পাহাড় ও টিলা কাটা রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। এছাড়া হবিগঞ্জ জেলার ডিসি ও এসপিকে গোটা জেলায় পাহাড় ও টিলা সংরক্ষণে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাই কোর্ট ওই বছরের ১৪ ডিসেম্বর এক আদেশে নবীগঞ্জ উপজেলার দিনারপুরে অবাধে পাহাড় ও টিলা কাটার ওপর স্থিতাবস্থা জারি করে। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।

আদালতের এ আদেশ পালন করে দুই সপ্তাহের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক, হবিগঞ্জের উপ পরিচালক, হবিগঞ্জ পুলিশ সুপার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসিকে নির্দেশ দেওয়া হয়।

আদালত অন্তবর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুল জারি করেছিল। এ রুলের ওপর শুনানি শেষে এ রায় দিল হাই কোর্ট।