২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে সামাজিক সমস্যা তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির

চলচ্চিত্র তারকাদের সমাজের প্রতি দায়বদ্ধ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 07:55 PM

Updated : 11 Oct 2022, 01:19 PM

তিনি বলেছেন, “চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পী ও কলাকুশলীগণ হচ্ছেন সমাজের ‘সেলিব্রেটি’, ‘তারকা’ বা ‘আইডল’। আপনারা জনপ্রিয়, বিশেষত তরুণ সমাজের কাছে। তাই সবসময় সমাজ ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা মাথায় রেখে সৃষ্টিশীল কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখবেন।”

বৃহস্পতিবার রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “চলচ্চিত্রে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার পাশাপাশি বিভিন্ন সমস্যা তুলে ধরবেন। ছবিতে যেন সবসময় একটা ‘মেসেজ’ বা বার্তা থাকে সেদিকে খেয়াল রাখবেন।”

আকাশ সংস্কৃতিকে অস্বীকার করার কোনো উপায় নেই উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “আকাশ সংস্কৃতির এই বিশাল ভাণ্ডার থেকে আমাদের সংস্কৃতির সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ যতটুকু ভালো, তা গ্রহণ করতে হবে এবং মন্দটুকু বর্জন করতে হবে। এর মধ্য দিয়েই আমাদের সংস্কৃতি এগিয়ে যাবে এবং ঠিকানা করে নেবে বিশ্বের অন্যতম উন্নত সংস্কৃতির কাতারে।”

রাষ্ট্রপতি বলেন, “বেশি বেশি ভালো ও সুস্থ ছবি নির্মাণ ও দর্শকপ্রিয়তা মন্দ ছবির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। জ্ঞানভিত্তিক সমাজ গঠন, বুদ্ধিবৃত্তির চর্চা ও প্রগতিশীল সমাজ নির্মাণেও চলচ্চিত্র অন্যতম প্রধান হাতিয়ার। এতে ফুটে উঠে জীবনের প্রতিচ্ছবি। দেশ ও জাতি গঠনে চলচ্চিত্রের ভূমিকা ব্যাপক।”

পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের সফলতা কামনা করে আবদুল হামিদ বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা-সমালোচক ও এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমাবেশের ফলে বাংলা চলচ্চিত্র বিশ্ব দরবারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।”

“সেই সঙ্গে বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি দর্শনের মাধ্যমে এ দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নির্মাতারা নিজেদের আরো ঋদ্ধ করার সুযোগ পাবে, যা দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখবে বলে আমরা মনে করি। আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে দেশীয় নির্মাতাদের সৃষ্টিশীল চিন্তার সংযোগ স্থাপনে সহায়তা করবে।”

জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের সভাপতি আঁলিন তাসকীয়েন, উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।