মেয়র আনিসুলের উচ্ছেদ, রেলের আপত্তি
রাজধানীর বনানী রেল স্টেশনলাগোয়া রেলের জমিতে দুটি স্থাপনা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া গড়ে উঠেছে দাবি করে মেয়র আনিসুল হকের উপস্থিতিতে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
তবে রেলওয়ের কাছ থেকে বৈধভাবে ইজারা নেওয়া জমিতে তৈরি স্থাপনা দুটি বৈধভাবেই গড়ে তোলা হয় দাবি করে উচ্ছেদে আপত্তি জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার অভিযান চালিয়ে ক্যাফে বনানী ও তেহারি অন হুইল নামে দুটি খাবারের দোকান ভেঙে দেন।
এ সময় সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
অভিযানের শুরুতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুরোধে দোকান দুটি থেকে মালামাল সরিয়ে নেওয়ার পর বুলডোজার দিয়ে স্থাপনা দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।
সেসময় ঘটনাস্থলে মেয়র আনিসুল বলেন, জায়গাটি রেলওয়ের হলেও সিটি করপোরেশন এলাকায় কোনো স্থাপনা করতে হলে করপোরেশনের অনুমতি লাগে।
তখন উপস্থিত রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তার রেজাউল করিমের কাছে অবাণিজ্যিক এলাকায় দোকান করার অনুমতি কীভাবে দেওয়া হলো তা জানতে চান মেয়র।
তখন মেয়র বলেন, “ঠিক আছে, এটা কমার্শিয়াল রোড? রেলের দৃষ্টিতে মানে কি? সরকারের একটাই দৃষ্টি। আপনি রাজউকের পারমিশন ছাড়া অনুমতি দিতে পারেন?”
তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “আমরা নীতিমালার ভিত্তিতেই দিয়েছি স্যার।”
ওই দোকান দুটি বসানোর অনুমতির ফাইলে সবার আগে কে সই করেছে জানতে চেয়ে আনিসুল বলেন, “আমি মন্ত্রীকে জিজ্ঞেস করেছি, সেক্রেটারিকে জিজ্ঞেস করেছি। ওনারা কিছুই জানেন না এ ব্যাপারে।”
পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সারা শহরে বিভিন্ন মন্ত্রণালয় এভাবে জমি দিচ্ছে। আর এর বোঝা বহন করতে হয় সিটি করপোরেশনকে।
“ওনাদের দৃষ্টিতে এটা কমার্শিয়াল এলাকা। আর সিটি করপোরেশনের লাইসেন্স ছাড়া এটা কীভাবে দেয় ‘আই ডোন্ট নো’। আমরা কোনো লাইসেন্স দেইনি, এটা কমার্শিয়াল এলাকা হয়ে গেছে।”
পুরো শহরের অবাণিজ্যিক এলাকায় গড়ে তোলা সব স্থাপনা ভেঙে ফেলতে মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে বলে জানান মেয়র।
এসব স্থাপনার বিষয়ে রেলওয়ের উপর মহলে জানানো হয়েছে উল্লেখ করে আনিসুল বলেন, “তারা বলছেন, আইনমতো দিয়েছেন। আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আজকেই তিন বার সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে অনুরোধ করেছেন, ‘এটা অবৈধ স্যার ভেঙে ফেলেন’।”
সিটি করপোরেশনের ভেতর বিভিন্ন মন্ত্রণালয় থেকে দেওয়া বরাদ্দ আবার পরীক্ষা করে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সিটি করপোরেশনের সঙ্গে সঙ্গতি না রেখে আপনারা পারমিশন দেবেন না।
“আমরা সমস্ত মন্ত্রণালয়কে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা যেসব অ্যালটমেন্ট দিয়েছেন তা চেক করুন। মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা আছে, এভাবে অবৈধভাবে কোনো স্থাপনা করা যাবে না।”
রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা রেজাউল এসময় সাংবাদিকদের বলেন, “সব ফাইল মন্ত্রী-সচিব পর্যায়ে যায় না বলে তারা তা জানেন না। সব কিছু নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে।
“এটা রেলের জমি, রেলের জমি বন্দোবস্ত দেওয়ার জন্য নিজস্ব নীতিমালা আছে। সেই নীতি অনুযায়ীই বন্দোবস্ত দেওয়া হয়েছে।”
“সিটি করপোরশেন সমন্বয় করে কিছু করতে চাইলে আমাদেরকে চিঠি দেবে। আমরা যৌথভাবে উচ্ছেদ করবো।”
উচ্ছেদের সময় রেলওয়ের লাইটপোস্ট, রেলস্টেশনের শৌচাগার ও অনলাইনের টিকেট বিক্রির ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে তিনি বলেন, “তাদের সঙ্গে আমাদের জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল, যেটুকু বরাদ্দ দিয়েছিলাম সেটুকু থাকবে। বাকিটুকু ভেঙে দেওয়া হবে। কিন্তু তারা সব ভেঙে দিয়েছে।”
রেল থেকে বরাদ্দ পাওয়া জায়গার চেয়ে বেশি দখল করে দোকান দুটি বসানো হয়েছে দাবি করে মেয়র আনিসুল হক বলেন, “শুনেছি এখানে ১০৮ বর্গফুট জায়গায় বরাদ্দ দিয়েছেন। ১৮শ বর্গফুটের একটা দোকান করে ফেলা হয়েছে এখানে। ৭০ ফুটের বরাদ্দ দেওয়া হয়েছে, ৭০০ ফুটের দোকান করে ফেলা হয়েছে।”
পরে কাকলীর হোটেল বৈশাখী এবং হোটেল পূরবীর সামনের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়। এছাড়া অন্যান্য দোকানের সামনে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভাঙতে গেলে মালিকরা দুদিন সময় চান।
পরে দুদিনের মধ্যে সেসব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন মেয়র আনিসুল হক।
