২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাঠ্যপুস্তক কেলেঙ্কারির’ ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে ভুলের পাশাপাশি ‌‘দলীয় স্লোগান’ অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 07:50 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ এ সংক্রান্ত চার দফা দাবি উত্থাপন করেন ছাত্র ফেডারেশন সভাপতি সৈকত মল্লিক।

এসব দাবি পূরণ না হলে আগামী ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনেরও ঘোষণা দেয় সংগঠনটি।

ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি অন্যান্য দাবির মধ্যে রয়েছে, পাঠ্যপুস্তকের ভুলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ‘ভুলে ভরা ও দলীয় স্লোগান সমৃদ্ধ’ পাঠ্যপুস্তক শিগগির বাতিল করে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত পাঠ্যপুস্তক সব বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার পাশাপাশি অবশ্যই শিক্ষার সঙ্গে যুক্ত সর্বজনগ্রাহ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে পাঠ্যপুস্তক প্রণয়ন ও তা জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত রাখা এবং বিদেশে নিম্নমানের বই ছাপিয়ে বিপুল অর্থ অপচয় না করে দেশের বই দেশেই ছাপানাো।

১৫ জানুয়ারির মধ্যে এসব দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরদিন বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হবে বলে লিখিত বক্তব্যে ঘোষণা দেন সৈকত মল্লিক।

তিনি বলেন, এছাড়া আগামী ১২ জানুয়ারি বিকাল ৩টায় টিএসসি মুনির চৌধুরী সেমিনার কক্ষে এ বিষয়ে এক মতবিনিময় সভা করা হবে।

সৈকত মল্লিক আরও বলেন, “শিক্ষামন্ত্রী তার দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছেন। সাম্প্রতিক পাঠ্যপুস্তক কেলেঙ্কারির ঘটনায় শিক্ষামন্ত্রী আঠা দিয়ে ভুল ঢাকার হাস্যকর পরামর্শ দিয়েছেন।

“এই দেশের শিক্ষাব্যবস্থাকে শিক্ষামন্ত্রী যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন তা আর কোনোভাবেই আঠা দিয়ে লাগানো যাবে না। শিক্ষা ধ্বংসের এই তৎপরতা মুক্তিযুদ্ধে জনগণের আকাক্ষাকে বিনষ্ট করে দেশে ফ্যাসিজম কায়েমেরই গভীর ষড়যন্ত্রের অংশ।”

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহ-সভাপতি আল-জাহিদ, সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজির, ঢাকা নগর সহ-সভাপতি ইসরাত জাহান, সাধারণ সম্পাদক এমএইচ রিয়াদসহ অন্যরা উপস্থিত ছিলেন।