২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিহাদের মৃত্যু: আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ১ ফেব্রুয়ারি

রাজধানীর শাহজাহানপুরে রেলের পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 11:33 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো. আখতারুজ্জামান মঙ্গলবার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের শুনানি নিয়ে আসামিপক্ষের যুক্তিতর্কের জন্য এই দিন ধার্য করেন বলে জানিয়েছেন এ আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি শওকত আলম।

শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা এই মামলাটি আলোচিত ও স্পর্শকাতর বলে শিগগির এটির রায় ঘোষণা দেওয়া হবে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শওকত বলেন, সম্ভব হলে আগামী মাসেই এ মামলার রায় দেওয়া হবে।

শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত একটি নলকূপের মুখ খোলা থাকায় ২০১৪ সালের ২৬ ডিসেম্বর কূপের পাশে খেলার সময় সেটিতে পড়ে মারা যায় শিশু জিহাদ। এ ঘটনায় জিহাদের বাবা নাসির ফকির ‘দায়িত্বে অবহেলায় জিহাদের মৃত্যুর’ অভিযোগ এনে রাজধানীর শাহজাহানপুর থানায় এই মামলা করেন।

মামলায় প্রথমে রেলওয়ের সহকারী জ্যেষ্ঠ প্রকৌশলী (নলকূপ পরিদর্শন) জাহাঙ্গীর আলম ও ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালামকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হলেও পরে বাদীর নারাজি আবেদনে ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

গত বছরের ৩১ মার্চ ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান নতুন করে মামলাটিতে এই অভিযোগপত্র জমা দেন।

এতে জাহাঙ্গীর ও সালাম ছাড়াও বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দিপক কুমার ভৌমিকের নাম আসে।

অভিযোগপত্রে বলা হয়, রেল কলোনির একটি পানির পাম্পে লোহার পাইপ দিয়ে কূপ খনন করা হয়। কূপে কোনো নিরাপত্তা ব্যবস্থা না করে মুখ খোলা অবস্থায় দীর্ঘদিন পরিত্যক্তভাবে ফেলে রাখা হয়। ফলে বাদীর ছেলে জিহাদ কূপের পাশে খেলার সময় পড়ে মারা যায়।

এরপর মামলায় ২০১৬ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

মামলায় বিভিন্ন সময়ে এ পর্যন্ত ১৩ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে সাফাই সাক্ষ্য দিয়েছেন তিনজন।