২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণার ৩ ‘রাজাকারের’ বিরুদ্ধে অভিযোগ আমলে

যুদ্ধাপরাধ মামলায় নেত্রকোণার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 02:18 PM

Updated : 11 Apr 2022, 10:47 PM

মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস‌্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ৭ মার্চ মামলার পরবর্তী তারিখ ঠিক করে দেন।

এ মামলার তিন আসামি হলেন- হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। এদের মধ্যে আঞ্জু পলাতক।

তারা তিনজনই একাত্তরের শান্তি কমিটির সদস্য ও রাজাকার বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অভিযোগে।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন সাবিনা ইয়াসমিন মুন্নী। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

এর আগে গত বছরের ৮ সেপ্টেম্বর এই তিন আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। ২৮ নভেম্বর তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।

প্রসিকিউটর মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার পাঁচ অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন।”

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আটপাড়ার মধুয়াখারী, মোবারকপুর ও সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে সংঘটিত অপরাধের ভিত্তিতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত করা হয়েছে বলেও জানান মুন্নী।

তিন আসামির বাড়ি নেত্রকোণার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকতেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন।