২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরার লাইফ স্কুল ‘জঙ্গি সংগ্রহের কেন্দ্র’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকার উত্তরা ও কলাবাগান এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ‘তামিম-সরোয়ার’ গ্রুপের সন্দেহভাজন ১০ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে, যাদের মধ্যে তিনজন ধর্মভিত্তিক ইংরেজি মাধ্যমের একটি স্কুল পরিচালনায় যুক্ত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 06:24 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

পুরনো খবর:

‘সরওয়ার-তামিমের অনুসারী ১০ জঙ্গি’ গ্রেপ্তার

র‌্যাব বলছে, লাইফ স্কুল নামের ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে আসলে জঙ্গি দলের জন্য সদস্য সংগ্রহ করা হচ্ছিল।

রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দশজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।

এই দশজন হলেন- উত্তরার ১৩ নম্বর সেক্টরের লাইফ স্কুলের সাবেক অধ‌্যক্ষ শরিফুল ইসলাম (৪৬), তার ভাগ্নে ও স্কুলের সাবেক পরিচালক জিয়াউর রহামন (৩১), বর্তমান অধ‌্যক্ষ মো. মিজানুর রহমান (৪৩), আবু সাদাত মো. সুলতান আল রাজি ওরফে লিটন (৪১), আল মিজানুর রশিদ (৪১), জান্নাতুল মহল ওরফে জিন্নাহ (৬০), মো. কৌশিক আদনান সোবহান (৩৭), মেরাজ আলী (৩০), মুফতি আবদুর রহমান বিন আতাউল্লাহ (৩৭) ও মো. শাহরিয়ার ওয়াজেদ খান (৩৬)।

সোমবার বিকালে কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক আনোয়ার লতিফ খান বলেন, যাদের জঙ্গি মতবাদে আকৃষ্ট করা যাবে বলে মনে হত, কেবল তাদের সন্তানকেই লাইফ স্কুলে ভর্তি করা হত।

“স্কুলের সঙ্গে আগে একটি নামাজের ঘর ছিল, পরে মসজিদে পরিণত করা হয়। সেখানেই অভিভাবকদের মোটিভেট করা হত।”

তবে এই দশজন সরাসরি কোনো জঙ্গি হামলার ঘটনায় সম্পৃক্ত ছিলেন না বলেই মনে করছেন এই র‌্যাব কর্মকর্তা।  

২০১৩ সালে প্রতিষ্ঠিত লাইফস্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন, শিক্ষক ২৩ জন। স্কুলের ওয়েবসাইটে বলা হয়েছে, তারা প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করে। তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় ‌কেমব্রিজ ও ইসলামিক কারিকুলাম অনুযায়ী। 

র‌্যাব কর্মকর্তা আনোয়ার লতিফ খান বলেন, সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জেএমবির নেতা অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম ও তানভীর কাদেরীরও লাইফ স্কুলে যাতায়াত ছিল।

“তারা ওই স্কুলের সাবেক অধ্যক্ষ শরিফুলের অনুসারী ছিলেন। তার মাধ্যমেই তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিলেন।”

অতিরিক্ত মহা পরিচালক বলেন, গ্রেপ্তারদের মধ‌্যে মুফতি আবদুর রহমান ও জাকির ছিলেন শরিফুলের সহযোগী। স্কুলের অভিভাবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কাজে এবং নিজেদের মধ্যে যোগাযোগের জন‌্য তারা বিভিন্ন মোবাইল অ‌্যাপ ব্যবহার করতেন, যাতে নজরদারি এড়ানো যায়।

“সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যেসব যোগাযোগ আছে সেগুলো আমরা মনিটর করছি। তাদের মধ‌্যে আরও যারা জঙ্গিবাদে সংশ্লিষ্ট, তাদের খোঁজা হচ্ছে। ভবিষ্যতে তাদেরও আইনের আওতায় আনতে পারব বলে আশা করছি।”

সংবাদ সম্মেলনে বলা হয়, লাইফ স্কুলের অভিভাবকদের মধ্যে নারীদের উদ্বুদ্ধ করতেন জান্নাতুল মহল। গ্রেপ্তার বাকিরাও বিভিন্ন সময়ে শরিফুলের নির্দেশনা অনুযায়ী কাজ করতেন।

“কীভাবে নিজেদের সম্পদ দান করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো যায় এই বিষয়ে উব্দুদ্ধ করত। বিভিন্ন এলাকা কীভাবে পর্যবেক্ষণ করতে হবে- সেই ট্রেইনিং দ্য়ো হত।”

আনোয়ার লতিফ খান বলছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার ঘটনায় যারা র‌্যাব-পুলিশের হাতে আটক হয়েছেন বা কন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, তাদের অনেকেই শরিফুলের মাধ‌্যমে এ পথে এসেছেন।

তবে শরিফুল এ পর্যন্ত কতজনকে প্রশিক্ষণ দিয়েছেন, সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি এই র‌্যাব কর্মকর্তা।

গোয়েন্দাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ‌্যমে আসা খবরে বলা হচ্ছে, ওই স্কুলের সাবেক দুই শিক্ষক ফয়সাল হক ও মাঈনুল ইসলাম মুসা এখন নব্য জেএমবির হাল ধরেছেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী; এ কারণে তাদের খোঁজে অনুসন্ধান চলছে।

গ্রেপ্তার শরিফুলের স্ত্রী সোনিয়া ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর জুলাই মাসে তার স্বামী, জিয়াউরসহ চারজন লাইফ স্কুল ছেড়ে দিয়ে উত্তরার ৯ নম্বর সেক্টরে ‘নলেজ হোম’ নামে একই ধরনের আরেকটি স্কুল চালু করেন।

“আমি নিজেও মাঝেমধ্যে সেখানে বাংলা ক্লাস নিতাম। পার্টনারশিপ নিয়ে সমস্যার কারণে শরীফুল লাইফ স্কুল ছেড়ে দেয়। তার ৪২ মাসের বেতন বকেয়া আছে।”

সোনিয়া বলেন, সোমবার ভোর ৫টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরে তাদের বাসা থেকে কয়েকজন লোক আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শরীফুলকে ‘তুলে নিয়ে যায়’। পরে তিনি জানতে পারেন, ৯ নম্বর সেক্টরের বাসা থেকে জিয়াউরকেও একইভাবে ‘তুলে নেওয়া’ হয়েছে।

গত ৮ অক্টোবর ঢাকার আশুলিয়ার এক বাড়িতে র‌্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে একজনের মৃত‌্যু হয়। পরে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, ওই ব‌্যক্তির প্রকৃত নাম সারোয়ার জাহান। তিনি জেএমবির শীর্ষনেতা।

সারোয়ার জাহানই শায়খ আবু ইব্রাহীম আল হানিফ নামে জেএমবির নতুন একটি অংশকে সংগঠিত করে আমিরের দায়িত্ব নেন বলে র‌্যাবের ভাষ‌্য। অবশ‌্য পুলিশের দাবি, সারোয়ার ছিলেন জেএমবির তৃতীয় সারির নেতা।

সরোয়ার নিহত হওয়ার আগে ২৭ অগাস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তনায় অভিযানে নিহত হন তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন। তামিমকেই নব‌্য জেএমবির মূল ব‌্যক্তি বলে আসছে পুলিশ।

আইন-শৃঙ্খলা বাহিনী জেএমবির এই গ্রুপকেই গুলশান ও শোলাকিয়াসহ সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর অধিকাংশ ঘটনায় দায়ী করে আসছে।

পুলিশ এই অংশটিকে বলছে ‘নব্য জেএমবি’, আর র‌্যাব বলছে সারোয়ার তামিম গ্রুপ। দুটো গ্রুপই এক কি না জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহা পরিচালক আনোয়ার লতিফ খান বলেন, “এ নিয়ে মন্তব্য করতে চাইছি না। আমরা যা নিয়ে কাজ করছি সেটা নিয়েই বলব।”

আটকদের বিষয়ে র‌্যাবের বিজ্ঞপ্তি যা বলছে

শরিফুল ইসলাম ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে ২০১৬ সালের ২ জুলাই পর্যন্ত উত্তরা লাইফ স্কুলের অধ্যক্ষ ছিলেন। পরে তিনি ‘নলেজ হোম’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নেন। ওই স্কুলের মালিক তার বড় বোন রেহানা (৫০)।

লাইফ স্কুলের মসজিদে হত হালাকার (উদ্বুদ্ধকরণ আলোচনা) আয়োজন। টেলিভিশনের ইসলামী আলোচক ড. মো. সাইফল্লাহ, পুরান ঢাকার নাজিরাবাদ মাদ্রাসার অধ্যক্ষ শহীদল্লাহ খান মাদানী, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুর এলাহীও লাইফ স্কুলে এসে হালাকা পরিচালনা করেছেন বলে র‌্যাবের তথ‌্য।

৬০ বছর বয়সী জান্নাতুল মহল স্কুলে নারীদের হালাকা পরিচালনা করতেন। অভিভাবকরা ছাড়াও বাইরের অনেক নারীও সেখানে আসতেন।

মো. জিয়াউর রহমান লাইফ স্কুলের অন‌্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক শিক্ষক। তার মাধ‌্যমেই মাঈনুল ইসলাম মুসা লাইফ স্কুলে যোগ দেন, যাকে র‌্যাব খুঁজছে।

র‌্যাব বলছে, নাজিরাবাজার মাদ্রাসার অধ্যক্ষ শহীদল্লাহ খান মাদানী ও লাইফ স্কুলের অধ‌্যক্ষ  মিজানুর রহমান লাইফ স্কুলের জিয়াউর রহমানের কাছ থেকেই নির্দেশনা নিতেন।

মিজানুর এক সময় কাজ করেছেন মোবাইল অপারেটর রবিতে। সে সময় অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীনন এবং নিজের খরচে ভারতে গিয়ে ট্রেইনিং নেন তিনি। রবিতে ১৪ বছর কাজ করে যে ৩১ লাখ টাকা পেয়েছিলেন, তা দিয়ে প্রথমে সৌর বিদ‌্যুতের প‌্যানেলের ব্যবসা শুরু করেন। তাছাড়া লাইফ স্কুল প্রতিষ্ঠার জন‌্য‌ দেন ১৫ লাখ টাকা।

গ্রেপ্তার মেরাজ আলী ২০১২ সাল পর্যন্ত সোনালী এক্সিম লিমিটেডে চাকরি করেছেন। পরে উত্তরায় রুম ভাড়া নিয়ে হোম ডেলিভারির ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানের নাম ছিল আস সাকিনা হোম ডেলিভারি।

২০১৫ সালের ডিসেম্বরে তানভীর কাদেরীর সঙ্গে মেরাজের পরিচয় হয়। তারা দুইজনেই গাউছুল আযম এভিনিউ জামে মসজিদে নামাজ পড়তেন। মেরাজের প্রতিষ্ঠানের নিয়মিত গ্রাহক ছিলেন তানভীর কাদেরী। সেই সূত্রে তানভীর কাদেরী ৫০ হাজার টাকা দিয়ে মেরাজকে সহায়তা করেন এবং পরে তার ব্যবসায় অংশিদার হন।

র‌্যাব বলছে, তানভীর কাদেরী ওই ব্যবসায় সময় দিতে না পারলেও তার দুই সন্তান আদর ও আবিদ দোকানে সময় দিত। তখন উত্তরা ১৩ নম্বর সেক্টরে ১৩ নম্বর রোডে ৬২ নম্বর বাসায় থাকত তানভীরের পরিবার।

২০১৬ সালের অক্টোবরে সংবাদমাধ‌্যমে তানভীর কাদেরী নিহত হওয়ার খবর এলে তার জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি মেরাজের অফিসের বাড়িওয়ালাও জানতে পারেন। এরপর তিনি মেরাজকে ওই ঘর ছেড়ে দিতে বলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ র‌্যাবকে বলেছেন, ২০১৫ সালের জানুয়ারিতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির মাঠে তিনি তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদ, মাঈনুল ইসলাম ওরফে মুসাকে একসঙ্গে ব্যায়াম করতে দেখেছেন।

২০১৫ সালের মার্চে মেজর জাহিদ গাউসুল আযম জামে মসজিদে বসে মেরাজকে জেএমবির ‘দাওয়াত’ দেয় এবং তাকে সিরিয়ায় যাওয়ার জন‌্য উদ্বুদ্ধ করে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ ২০১৩ সাল থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত লাইফ স্কুলে শিক্ষকতা করেন। পরে তিনি শরীফুলের সঙ্গে নলেজ হোমে যোগ দেন। গত ডিসেম্বরে আর্থিক জটিলতায় ওই প্রতিষ্ঠানও তিনি ছেড়ে দেন।

গ্রেপ্তার মো. শাহরিয়ার ওয়াজেদ খানের সঙ্গে মেজর (অব) জাহিদ, তানভীর কাদেরী ও লাইফ স্কুলের শিক্ষক মাঈনুল ইসলাম মুসার পরিচয় হয় একটি মসজিদে।

আবু সাদাত মো. সুলতান আল রাজী ওরফে লিটন খাজা ইক‌্যুইটি সার্ভিসেস লিমিটেডে কাজ করতেন। মামাত ভাই আব্দুর রহমানের মাধ্যমে ২০১৫ সালের অক্টোবরে লাইফ স্কুলে জঙ্গি নেতা জাহিদের সঙ্গে পরিচিত হন তিনি। জাহিদের মেয়ে ও সুলতানের ছেলে লাইফ স্কুলে একই ক্লাসে পড়ত। সেই থেকে তাদের মধ‌্যে পারিবারিক পর্যায়েও ঘনিষ্ঠতা তৈরি হয়।

গ্রেপ্তার আল মিজানুর রশিদ ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আমান গ্রুপের সিনিয়র ম্যানেজার ছিলেন। কারখানার কাজের চাপে ‘ধর্মীয় কাজে মনোযোগ দিতে সমস‌্যা হওয়ায়’ তিনি ওই চাকরি ছেড়ে দেন এবং পরে একটি আইটি ফার্মের ব‌্যবসায়িক পার্টনার হিসেবে যোগ দেন।

২০১৬ সালের শুরুতে এক সেনা কর্মকর্তার মাধ্যমে আল মিজানের সঙ্গে মেজর জাহিদের পরিচয় হয়। মেজর জাহিদই তাকে জেএমবির ‘দাওয়াত’ দেন বলে র‌্যাবের ভাষ‌্য।  

মো. কৌশিক আদনান সোবহান ২০০৪ সালে গুলশানের একটি ব‌্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার সার্ভিসে যোগ দেন। গ্রেপ্তার শাহরিয়ার তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। সম্প্রতি তাদের মধ‌্যে সিরিয়া যাওয়ার বিষয়ে আলোচনা হয় বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।