২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রার সিন্ডিকেট তৈরির অভিযোগ তদন্তের নির্দেশ

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ তদন্ত করে ট্রেড অর্গানাইজেশনের পরিচালককে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 04:39 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

একইসঙ্গে বিদেশে জনশক্তি রপ্তানিতে সব রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ কেন নিশ্চিত করা হবে না, জানতে চেয়ে রুলও দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, ট্রেড অর্গানাইজেশনের পরিচালক, বায়রার সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন মোহাম্মদ সামিউল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

পরে আইনজীবী সামিউল হক সাংবাদিকদের বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির জন্য সাড়ে সাতশর মতো এজেন্সি আছে। সেখান থেকে ১০টিকে নিয়ে একটি সিন্ডিকেট করা হয়েছে।

এই সিন্ডিকেট গঠনকে আইনের পরিপন্থি উল্লেখ করে সাদমান ইন্টারন্যাশনালের মোবারক হোসেন বুলবুল, জেনারেল ট্রেডিং কোম্পানির খলিলুর রহমান ও ইস্টার্ন বিজনেস এসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ রোববার রিট করেন।

রিটে জনশক্তি রপ্তানিতে সব রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে রুল জারির নির্দেশনা চাওয়া হয়। সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ আদেশ দেয় আদালত।