২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অবকাশ নেই: পুলিশ

গুলশান হামলার পর কয়েকটি অভিযানে জঙ্গিনেতাদের শীর্ষ কয়েকজন মারা পড়লেও তাতে সন্তুষ্ট থাকার সুযোগ নেই বলে মনে করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 01:04 AM

Updated : 11 Apr 2022, 10:46 PM

“জঙ্গিদের বিষয়টা হল, যখন তারা কোনো সুযোগ পায়, ক্ষেত্র পায়, পরিবেশ পায়, তখন মাথাচাড়া দিয়ে উঠে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান, তৎপরতা, ইনটেলিজেন্স কালেকশন অব্যাহত আছে এবং থাকবে।”

রোববার ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ডিবির এই কর্মকর্তা।

এবার একুশের বইমেলাকে ঘিরে কোনো হুমকি আছে কি না- জানতে চাইলে ওই কথা বলেন তিনি।

বাতেন আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে হুমকি বলব না। কিন্তু এখানে নিষ্ক্রিয় বসে থাকার কোনো অবকাশ নেই। আমাদের (পুলিশ) অনবরত অনবদ্য কাজ করে যেতে হবে।”

২০১৫ সালে বইমেলা চলার সময় কাছেই ঢাকা বিশ্ববিদ্যামলয়ের টিএসসিতে জঙ্গি হামলায় নিহত হন লেখক অভিজিৎ রায়। এরপর বছরজুড়ে বেশ কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যা্ক্টিভিস্টকে হত্যা  করা হয়; হত্যাককাণ্ডের শিকার হন বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, মুসলিম পীরও। 

এর ধারাবাহিকতায় গত বছরের জুলাইয়ে গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যাা করে জঙ্গিরা। তারপর শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযান।

পুলিশে সদর দপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত তিন বছরের দেশে মোট ২৩৮ জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে, এই সময়ে জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে ৫৮টি।

ব্লগার ও অনলাইন অ্যা ক্টিভিস্ট হত্যানকাণ্ডের তদন্তের খবর জানতে চাইলে ডিবি কর্মকর্তা বাতেন বলেন, “একটি মামলা ছাড়া বাকি সবগুলো মামলার আসামি ১৬৪ ধারায় জাবনবন্দি দিয়েছে। মামলা ডিটেক্ট হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়নি-তাদের গ্রেপ্তারেও প্রচেষ্টা অব্যাহত আছে।”

কোন মামলাটির গতি হয়নি- জানতে চাইলে তিনি বলেন, “জুলহাস ও তনয় হত্যা মামলাটির আসামি ধরা বাকি আছে। তবে  এদের (আসামি) নাম-ধাম পেয়েছি।”

২০১৬ সালের এপ্রিল মাসে ঢাকার কলাবাগানের লেক সার্কাসে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডির কর্মসূচি কমকর্তা জুলহাজ মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে। তারা দুজনেই ছিলেন সমকামী অধিকার কর্মী।

জুলহাস ও তনয় হত্যাকাণ্ডে কতজন জড়িত- জানতে চাইলে ডিবি কর্মকর্তা বাতেন সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “আপনাদের আগেও বলেছি, (জঙ্গিদের) স্লিপার সেলে চার থেকে পাঁচজনের বেশি থাকে না।

“তাদের কমান্ড বিভিন্ন লেভেলে ভাগ করে থাকে। অপারেশন লেভেলে সাধারণত তিন থেকে চারজন থাকে। তবে সর্বোচ্চ পাঁচজনের বেশি থাকে না।”