২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের অনুষ্ঠানে বাইরের কাউকে আমন্ত্রণ নয়: সুপ্রিম কোর্ট

আদালতের কর্মঘণ্টা চলাকালে কোনো অনুষ্ঠান না করতে এবং বিচারাঙ্গনের বাইরের কাউকে নিম্ন আদালতের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানাতে বিচারকদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 09:57 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

এ ধরনের কোনো ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে মঞ্চে উঠতে না দেওয়া এবং কোনো ধরনের বক্তব্য রাখার সুযোগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার হাই কোর্টের রেজিস্ট্রার সৈয়দ দিলজার হোসেনের স্বাক্ষরে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, “অধস্তন আদালত কর্তৃক আয়োজিত বা অধস্তন আদালত সংশ্লিষ্ট যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো আদৌ কাম্য নয়।

“এ ধরনের আমন্ত্রণ জানানো বিচারকগণের জন্য অনুসরণীয় নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থি।”

সার্কুলারে বলা হয়, “সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, অধস্তন আদালত কর্তৃক এজলাশ সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনসহ অধস্তন আদালত কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা স্থানীয় ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি ও পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়। কোনো কোনো ক্ষেত্রে বর্ণিত ব্যক্তিদের উক্ত অনুষ্ঠানে প্রধান বা বিশেষ অতিথি করা হয়।

“এমতাবস্থায় অধস্তন আদালত কর্তৃক এজলাশ সময়ে কোনো অনুষ্ঠান আয়োজন না করা এবং আদালত সংশ্লিষ্ট যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন রাজনৈতিক বা ব্যবসায়িক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ না জানানো হয়।”