২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ‘জঙ্গি’ নিহতের ঘটনায় মামলা

ঢাকার মোহাম্মদপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত গুলশান হামলার ‘অন্যতম হোতা’ নব্য জেএমবির নেতা নুরুল ইসলাম ওরফে মারজান ও সাদ্দাম হোসেনের মৃত্যুর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 12:25 AM

Updated : 19 Aug 2022, 03:25 PM

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এসআই আসগর আলী শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন বলে জানিয়েছেন থানার ওসি মীর জামাল উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় মারজান ও সাদ্দাম ছাড়াও অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় তদন্তের দায়িত্ব পেয়েছেন এসআই নিজাম উদ্দিন।

এদিকে মামলার এজাহার শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গেলে মহানগর হাকিম মাজহারুল ইসলাম শুনানি শেষে আগামী ৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন রাখেন বলে জানান পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যইদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন গুলশান হামলার ‘অন্যবতম হোতা’ নুরুল ইসলাম মারজান ও সাদ্দাম।

এদের মধ্যে গুলশান হামলার পর থেকে মারজানকে খোঁজ চলছিল। আর সাদ্দাম হোসেন ওরফে রাহুল ছিলেন উত্তরাঞ্চলে জেএমবির অন্যমতম সংগঠক। রংপুরে কুনিও হোশিসহ পাঁচটি হত্যা  ও হত্যাজচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।

পুলিশ বলছে, আগে থেকে খবর পেয়ে মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় বৃহ্স্পতিবার রাতে অবস্থান নেয়। রাত ৩টার দিকে একটি মোটরসাইকেলে করে জঙ্গিরা সেখানে আসে।

মোটরসাইকেলে তিনজন ছিল জানিয়ে মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গ্রেনেড ছোড়ে এবং গুলি করে। পরে পুলিশ পাল্টা গুলি চালালে দুইজন আহত হয়, একজন পালিয়ে যায়।

পরে আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পুরনো খবর:

সাদ্দামের লাশ পাঠালে গ্রহণ করবে পরিবার
গুলশান হামলার মারজান, জাপানি হত‌্যার সাদ্দাম ‘বন্দুকযুদ্ধে’ নিহত