প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেন্টের মেয়র পারভেজের সাক্ষাৎ
লন্ডনের ব্রেন্ট বারা কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এসময় ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য ও প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন।
পারভেজও লেবার পার্টির সদস্য। গত মে মাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রেন্টের মেয়র হন তিনি।
এরআগে তিনি ব্রেন্ট কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।
সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ব্রেন্টের মেয়র নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন।
যুক্তরাজ্যের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অন্তর্ভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন বলে জানান ইহসানুল করিম।
লন্ডন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানে পদক্ষেপ নেবেন বলে জানান পারভেজ।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
