২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরির শিক্ষক-কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ শুরু

বাংলাদেশের কারিগরি খাতের ৫৮১ জন শিক্ষক-কর্মকর্তাকে পর্যায়ক্রমে চীনে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2017, 06:26 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

শুক্রবার চীনের গুয়াংজোয় ইন্ড্রাস্ট্রি অ‌্যান্ড ট্রেড টেকনিশিয়ান কলেজে প্রথম ব্যাচের শিক্ষক-কর্মকর্তাদের বিষয়ভিত্তিক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গুয়াংজো মিউনিসিপ্যালিটির ভাইস মেয়র লি মিং এ সময় উপস্থিত ছিলেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের ৫৮১ জন শিক্ষক-কর্মকর্তার প্রশিক্ষণে গত বছরের নভেম্বরে সরকারের স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহ্যান্সমেন্ট প্রোজেক্ট এবং চীনের গুয়াংজো ইন্ড্রাস্ট্রি অ‌্যান্ড ট্রেড টেকনিশিয়ান কলেজের মধ‌্যে চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, একেক ব্যাচে ২০ জন করে শিক্ষক-কর্মকর্তাকে ১০ দিন ও ২১ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।

এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে নাহিদ বলেন, “শিক্ষা বাংলাদেশের অগ্রাধিকার খাত, কারিগরি শিক্ষা হল অগ্রাধিকারের অগ্রাধিকার।”

কারিগরিতে শিক্ষার্থী ভর্তির হার ১৪ শতাংশের উপরে উন্নীত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

কারিগরি খাতের অগ্রগতি তরান্বিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে ভাগ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ করার প্রসঙ্গও তুলে ধরেন নাহিদ।

চীনকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে বর্ণনা করে আওয়ামী লীগ নেতা নাহিদ বলেন, কারিগরি খাতে চীনের প্রশিক্ষণ সহযোগিতা বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে ভূমিকা রাখবে।

সিঙ্গাপুর সরকার ইতোমধ্যে বাংলাদেশের কারিগরি খাতের ৪২০ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছে এবং ২০১৯ সালের মধ্যে আরও ১ হাজার ১৫০ জনকে প্রশিক্ষণ দেবে।

কারিগরি খাতের শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণে ভারতের সঙ্গেও তৎপরতা চলছে জানিয়ে নাহিদ বলেন, “বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

শিক্ষামন্ত্রী গুয়াংজোতে ইন্ড্রাস্ট্রি অ‌্যান্ড ট্রেড টেকনিশিয়ান কলেজের শিক্ষার্থীদের স্কিলস কম্পিটিশন উদ্বোধন করে কলেজের ল্যাব ও ওয়ার্কশপ পরিদর্শন করেন।

অন‌্যদের মধ‌্যে বাংলাদেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. ইমরান, উপ-প্রকল্প পরিচালক জয়দেব চন্দ্র সাহা, প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।