মুক্তাঙ্গনে আধুনিক গণশৌচাগার
রাজধানীর মুক্তাঙ্গনে চালু হলো একটি আধুনিক গণশৌচাগার।
বৃহস্পতিবার এই গণশৌচাগারের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মাদ সাঈদ খোকন।
মেয়র বলেন, মুক্তাঙ্গন গণশৌচাগার চালু হওয়ায় এ এলাকার পথচারীদের উপকার হবে।
“এটি উদ্বোধনের মধ্য দিয়ে গুলিস্তান এলাকায় পাবলিক টয়লেটের যে প্রয়োজনীতা ছিল তা অনেকাংশে পূরণ হবে।”
উদ্বোধন করা আধুনিক গণশৌচাগারটিতে নারী এবং পুরুষের জন্য আলাদা চেম্বার, লকার, হাত ধোয়ার জায়গা এবং গোসল করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে এখানে।
গণশৌচাগারে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
২০১৭ সালের মধ্যে এসব শৌচাগার স্থাপনের কাজ শেষ হবে বলে জানান তিনি।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপি, নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী এবং ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি পরিচালক মো. লিয়াকত আলী উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুযায়ী রাজধানীতে আধুনিক গণশৌচাগার তৈরি করা হচ্ছে। এতে অর্থায়ন করছে এইচঅ্যান্ডএম ফাউন্ডেশন।
