২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এত কৌশলেও হল না শেষরক্ষা

কৌশলে পায়ুপথে লুকিয়ে ১২০০ গ্রাম সোনার বিস্কুট নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামার পর শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েছেন মালয়েশিয়াফেরত এক যাত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 05:39 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

শুল্ক গোয়েন্দা বিভাগের মহা পরিচালক মঈনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার মধ‌্যরাতে মালিন্দ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছানোর সময় গ্রিন চ‌্যানলে পার হওয়ার সময় ওই ব‌্যক্তিকে আটক করা হয়।

আটক শরীফ আহমেদের (৩৩) বাড়ি কুমিল্লার ময়নামতি বাজারে। মুদিপণ‌্যের ব‌্যবসায়ী হিসেবে নিজের পরিচয় দিলেও পাসপোর্টের তথ‌্য অনুযায়ী, ২০১৬ সালে ১০ বার বিদেশ ভ্রমণ করেছেন তিনি।

মঈনুল খান বলেন, শরীফের কাছ থেকে প্রতিটি ১০০ গ্রাম ওজনের ১২টি সোনার বিস্কুট পাওয়া গেছে, যার দাম প্রায় ৬০ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Image
ছবি: শুল্ক গোয়েন্দা বিভাগ

ছবি: শুল্ক গোয়েন্দা বিভাগ

রাতভর নাটকীয়তার পর শরীফের কাছ থেকে কীভাবে ওই সোনা উদ্ধার করা হল- সেই বিবরণ দেওয়া হয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগের ফেইসবুক পেইজে।

সেখানে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে বিমান থেকে নামার পর ওই ব‌্যক্তির ওপর নজর রেখেছিলেন শুল্ক গোয়েন্দারা। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার হাঁটাচলাতেও অস্বাভাবিকতা দেখা যায়। তবে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন।

শুল্ক গোয়েন্দারা রাত ৩টার দিকে শরীফকে নিয়ে যান উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে। সেখানে এক্সরে করে তার রেকটামে তিনটি ‘অস্বাভাবিক পোটলার অস্তিত্ব’ পাওয়া যায়।

এরপরও ওই ব‌্যক্তি এক বড় কর্মকর্তা আত্মীয়র কথা বলে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। তলপেট কেটে স্বর্ণ বের করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার কথা বললে তিনি নরম হন এবং স্বর্ণ বের করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Image
ছবি: শুল্ক গোয়েন্দা বিভাগ

ছবি: শুল্ক গোয়েন্দা বিভাগ

এরপর তাকে আবার শাহজালালের কাস্টমস হলে এনে পানি খেতে দেওয়া হয়। তাতে কাজ না হওয়ায় লুঙ্গি এনে তাকেই ওই পোটলা বের করে দিতে বলা হয়। পরে তিনি পায়ুপথে লুকানো তিনটি কনডমে ভরা টেপ মোড়ানো ১২টি সোনার বার বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ শুল্ক গোয়েন্দাদের বলেছেন, ফ্লাইট অবতরণের আধা ঘণ্টা আগে বিমানের টয়লেটে গিয়ে তিনি কনডমগুলো নিজের শরীরে লুকানোর ব‌্যবস্থা করেন। এ বিষয়ে তিনি মালয়েশিয়ায় বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

এর আগে গত ১৭ অক্টোবর আরেক যাত্রী শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়েন, যিনি রেকটামে লুকিয়ে আটটি সোনার বিস্কুট এনেছিলেন।