মোহাম্মদপুরের বস্তি উচ্ছেদ বন্ধ রাখার নির্দেশ হাই কোর্টের
রাজধানীর মোহাম্মদপুরের ‘জান্নাতবাগ চল্লিশ বস্তি’ উচ্ছেদের কার্যক্রম ছয় মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
তিন বস্তিবাসীর করা রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ রুলসহ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান।
২ জানুয়ারি ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে মোহাম্মদুপরে বস্তি উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
এই উচ্ছেদ কার্যক্রমের বিরুদ্ধে পরদিন হাই কোর্টে রিট করেন তিন বস্তিবাসী। তাদের আইনি সহায়তা দেয় আইনি সহায়তাদানকারী সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
আইনজীবী খুরশীদ আলম খান বলেন, “গত ২ জানুয়ারি কোনো নোটিস ছাড়াই মোহাম্মদপুরের জান্নাতবাগ বস্তি উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোবাইল কোর্ট। ৩ জানুয়ারি তিন বস্তিবাসী হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।
“আদালত আজ উচ্ছেদের সকল কার্যক্রম বন্ধ রাখার আদেশ দিয়েছেন। পাশাপাশি বিনা নোটিসে উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।”
